ঢাকা | বঙ্গাব্দ

রাশেদ খানকে ‘ফালতু’ বলে সম্বোধন করলেন বিরোধীদলীয় নেতা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 11, 2026 ইং
রাশেদ খানকে ‘ফালতু’ বলে সম্বোধন করলেন বিরোধীদলীয় নেতা ছবির ক্যাপশন: রাশেদ খানকে ‘ফালতু’ বলে সম্বোধন করলেন বিরোধীদলীয় নেতা ছবি : সংগৃহীত
ad728
নিজস্ব প্রতিবেদক

কোনো বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে গোপনে আলোচনা বা সমঝোতার ইতিহাস বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেই বলে জাতীয় সংসদে স্পষ্ট জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও দলটির আমির ডা. শফিকুর রহমান। এ সময় জামায়াতকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁনকে ‘ফালতু’ বলেও সম্বোধন করেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব কথা বলেন বিরোধীদলীয় নেতা।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে দেওয়া বক্তব্যে ইঙ্গিত দেন, একটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিদেশি কোনো সংস্থার গোপন বৈঠকের সম্পর্ক সাম্প্রতিক অস্থিরতার পেছনে থাকতে পারে।

এর জবাবে ডা. শফিকুর রহমান বলেন, ‘বলা হয়েছে, ভিনদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে একটি দলের বোঝাপড়া হয়েছে। সেই দলটি কে, তা স্পষ্ট করা হোক। সরকারের নিয়োজিত সচিব পদমর্যাদার এক ব্যক্তি সারাদিন জামায়াতকে নিয়ে মিথ্যাচার করেন। সেই ফালতু লোকের বক্তব্যকে রেফার করে যদি আমাদের ইঙ্গিত করা হয়, তাহলে ৩৫০ সদস্যের এই হাউজে দাঁড়িয়ে স্পষ্টভাবে বলছি—কোনো দেশের কোনো এজেন্সির সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই।’

তিনি আরও বলেন, ‘আমরা একটি রাজনৈতিক দল। রাজনৈতিক দলের সঙ্গে বা বন্ধুদের সঙ্গে আমরা বসব, কিন্তু কোনো এজেন্সির সঙ্গে বসার প্রশ্নই ওঠে না। আমরা আগেই চ্যালেঞ্জ দিয়েছিলাম, প্রমাণ থাকলে তা জনসমক্ষে উপস্থাপন করুন।’

পাল্টা অভিযোগ তুলে জামায়াত আমির বলেন, যারা তাদের দিকে আঙুল তুলছেন, তাদের নিজেদেরই দেশে-বিদেশে বিভিন্ন এজেন্সির সঙ্গে বসার সুস্পষ্ট প্রমাণ ও রেকর্ড রয়েছে। এমনকি এজেন্সির দেশে গিয়ে তাদের সামনে অতীতের পররাষ্ট্রনীতির ভুল স্বীকার করে জনসম্মুখে বক্তব্য দেওয়ার ইতিহাসও রয়েছে। তাই অন্যের দিকে আঙুল তোলার আগে নিজেদের দিকে তাকানোর আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার অভিযোগ নাকচ করে ডা. শফিকুর রহমান বলেন, ১২ আগস্টের একটি সংবাদ সম্মেলনের বক্তব্য তাকে ভুলভাবে উদ্ধৃত করে প্রচার করা হয়েছে। অথচ ওই দিন ২২ মিনিটের বক্তব্যে তিনি একবারের জন্যও আওয়ামী লীগের নাম উচ্চারণ করেননি। সেই বক্তব্যের পুরো ভিডিও এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

দেশের মাদক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা নিয়েও সরকারের সমালোচনা করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, সরকারি দলের সংসদ সদস্যরাই সংসদে অভিযোগ করেছেন, ফ্যাসিবাদের সময়ের মাদক সিন্ডিকেট এখন তাদের দলের কিছু নেতার নিয়ন্ত্রণে রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির পাশ দিয়ে মাদকের বড় চালান যাওয়ার কথাও সরকারি দলের সদস্যরা উল্লেখ করেছেন। এমনকি কুষ্টিয়ায় মাদক কারবারিদের ধরতে গিয়ে পুলিশের সদস্যরা সরকারি দলের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন।

সীমান্তে হত্যাকাণ্ড ও পুশ-ইন প্রতিরোধ প্রসঙ্গে তিনি বলেন, সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ড ২২ থেকে ১২টিতে নামিয়ে আনার কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে হাততালি চেয়েছেন। এ সময় তিনি বলেন, ‘সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নামলে আমরা সবাই মিলে প্রাণখুলে হাততালি দেব। প্রতিটি নাগরিকের জীবনের মূল্য রয়েছে।’

সীমান্ত সুরক্ষায় সরকারের পাশাপাশি সাধারণ জনগণ যেভাবে ভূমিকা রেখেছেন, তাদের অবদানও স্বীকার করা উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি।

বক্তব্যের শেষ পর্যায়ে পারস্পরিক দোষারোপের রাজনীতি বন্ধের আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, ‘ইঙ্গিতপূর্ণ কথা না বললে আমি এর একটা কথাও বলতাম না। ফ্যাসিবাদের বিরুদ্ধে ২০২৪ সালে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, সেই স্পিরিট ধরে রেখেই আমাদের ঐক্যবদ্ধভাবে সামনে এগোতে হবে।’

কোনো দেশের আধিপত্য বরদাস্ত না করে বাংলাদেশকে বাংলাদেশের মতো করে গড়ে তোলাই তাদের লক্ষ্য বলেও উল্লেখ করেন ডা. শফিকুর রহমান।




শেয়ার করুন:
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ