ঢাকা | বঙ্গাব্দ

ভেদাভেদ ভুলে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 20, 2026 ইং
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর ছবির ক্যাপশন:
ad728
সিনিয়র করেসপন্ডেন্ট

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে তিনি ধনী-গরিব সব ভেদাভেদ ভুলে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ঈদুল ফিতর মুসলমানদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসবের একটি।

মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযমের পর পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে।

রমজানের মহান শিক্ষার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, পবিত্র রমজান মাস সংযম, ত্যাগ, খেদমত ও আত্মশুদ্ধির অনন্য শিক্ষা দেয়। এই এক মাসের সাধনা আমাদের আত্মসংযমী হতে এবং অন্যের কষ্ট অনুভব করতে শেখায়। এর মাধ্যমে সমাজে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব জাগ্রত হয়।

রমজানের শিক্ষাকে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত করাই ঈদের প্রকৃত তাৎপর্য বলে মনে করেন প্রধানমন্ত্রী। বাণীতে তিনি বলেন, ঈদ আমাদের ধনী-গরিব, ছোট-বড়-সব ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানায়। এই আনন্দের দিনে আমরা যেন সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই এবং সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই, এটাই হোক আমাদের অঙ্গীকার।

পবিত্র ঈদুল ফিতর জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

ঈদের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি মানবিক, উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দেশবাসীকে সম্মিলিতভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।

পরিশেষে প্রধানমন্ত্রী মহান আল্লাহ তায়ালার দরবারে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বলেন, মহান আল্লাহ তায়ালা যেন পবিত্র ঈদুল ফিতরের আনন্দ, রহমত ও বরকত আমাদের সবার জীবনে বর্ষিত করেন। তিনি আমাদের দেশ ও জাতিকে শান্তি ও অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যান এবং সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ নিশ্চিত করুন।




শেয়ার করুন:
কমেন্ট বক্স