বরিশাল ঘুরে এসে নিজস্ব প্রতিবেদক:
বরিশাল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কোতোয়ালি পানি উন্নয়ন শাখার উপসহকারী প্রকৌশলী খাদিজা আক্তারের বিরুদ্ধে ক্ষমতার অবৈধ ও অপব্যবহার, অন্যের লাইসেন্স ব্যবহার করে বেনামে ঠিকাদারি ব্যবসা এবং নামে-বেনামে অবৈধ সম্পদ অর্জনের গুরুতর অভিযোগ উঠেছে। সরকারি চাকরিতে বহাল থেকে স্বামীর ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবসা পরিচালনার অভিযোগ উঠলেও প্রকৌশলী খাদিজা আক্তার এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে গণমাধ্যমের কাছে দাবি করেছেন।
অনুসন্ধানে জানা যায়, খাদিজা আক্তার ২০১৭ সালে সরকারি চাকরিতে যোগদান করেন। ২০২০ সাল থেকে বরিশাল পানি উন্নয়ন বোর্ডে কর্মরত রয়েছেন। অভিযোগকারীদের দাবি, কর্মস্থলে যোগদানের পর থেকেই তিনি অন্যের লাইসেন্স ও নাম ব্যবহার করে ঠিকাদারি কাজ পরিচালনা করে আসছেন। এ ছাড়া তাঁর স্বামী সজল হাওলাদারের ঠিকাদারি প্রতিষ্ঠানে অবৈধ উপায়ে অর্জিত অর্থ বিনিয়োগের অভিযোগও আনা হয়েছে। নিজের ব্যবসায়িক সম্পৃক্ততা ও স্বার্থের সংঘাত আড়াল করতেই তিনি স্বামীর লাইসেন্স ব্যবহার করছেন বলে অভিযোগকারীদের দাবি। বিষয়টি জানাজানি হওয়ার পর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাঁকে কারণ দর্শানোর বা শোকজ নোটিশ দিয়েছিল বলেও নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
তবে এসব অভিযোগ দ্ব্যর্থহীন কণ্ঠে অস্বীকার করেছেন অভিযুক্ত প্রকৌশলী খাদিজা আক্তার। তাঁর দাবি, বেনামে ঠিকাদারি করার তথ্য সম্পূর্ণ ভুল। তাঁর স্বামী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে (ডিপিএইচই) ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত, পানি উন্নয়ন বোর্ডে নয়। সেখানে ব্যবসা পরিচালনা করায় কোনো আইনি বাধা নেই বলে তিনি মনে করেন। এছাড়া কর্মকালের সময়কাল নিযেও তিনি আপত্তি জানিয়েছেন। তাঁর ভাষ্যমতে, তিনি একই কর্মস্থলে ছয় বছর নয়, বরং চার বছরের কিছু বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন। দপ্তরের পক্ষ থেকে তাঁকে কখনো কোনো কারণ দর্শানোর নোটিশ বা শোকজ করা হয়নি বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে সরকারি চাকুরিজীবী হিসেবে তাঁর মূল বেতন স্কেল ২২ হাজার টাকা হওয়ার পরও বিলাসী জীবনযাপন এবং নিয়মিত ঢাকা-বরিশাল রুটে বিমানে যাতায়াত নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। এই প্রশ্নের জবাবে খাদিজা আক্তার জানান, ২০১০ সালে তাঁর বিয়ে হয়। তিনি চাকরিতে প্রবেশ করেন ২০১৭ সালে। তাঁর স্বামীর দাবি অনুযায়ী তিনি চাকরিতে যোগদানের অনেক আগেই থেকেই প্রতিষ্ঠিত ছিলেন। স্বামীর ইচ্ছাতেই তিনি বিমানে যাতায়াত করেছেন দাবি করে তিনি বলেন, ২০১০ সালে বিয়ের পর এবং ২০১৭ সালে চাকরিতে যোগদানের আগেও তিনি স্বামীর ইচ্ছায় দুই-তিনবার বিমানে ভ্রমণ করেছেন। এছাড়া চাকরিজীবনে বরিশাল-ঢাকা রুটে তিনি বড়জোর দুইবার বিমানে যাতায়াত করেছেন, যা কোনো নিয়মিত বিষয় নয়। তাঁর এই বক্তব্যের মাধ্যমে বোঝানো হয়েছে যে, তাঁর বিলাসী জীবনযাপন বা যাতায়াতের ব্যয় সরকারি বেতনের অর্থে নয়, বরং তাঁর স্বামীর পারিবারিক ও ব্যবসায়িক আয়ের মাধ্যমেই নির্বাহ করা হয়েছে।
এছাড়াও উপসহকারী প্রকৌশলী খাদিজা আক্তারের বিরুদ্ধে ঊর্দ্ধতনদের যোগসাজশে ভূয়া বিল-ভাউচার, সিডিউল বহির্ভূতভাবে নি¤œমাণের কাজ করানো, নি¤œমাণের নির্মাণ উপকরণ ব্যবহারসহ প্রকৌশলগত বিবিধ অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে। বরিশালে পাউবো’র নির্মাণ মেরামত রক্ষণাবেক্ষণ কাজে এভাবে জাল-জালিয়াতির আশ্রয় নিয়ে এই উপসহকারী প্রকৌশলীূ প্রায় কোটি টাকা লোপাট করেছেন বলে নির্ভরযোগ্য সূত্র জানায়। এভাবে অনৈতিক পথে উপার্জিত অর্থে তিনি ঢাকায় আলীশান ফ্ল্যাট ও বরিশালে বিভিন্ন সহায়-সম্পদের মালিক হয়েছেন। (ক্রমশ:)