পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদার করতে পানি ব্যবস্থাপনা বিষয়ক কমিটির সভা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে খাল খননসহ বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সভায় পানিসম্পদ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী, বিশেষজ্ঞ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি সাংবাদিকদের বলেন, সামনে বর্ষা মৌসুম ঘনিয়ে আসছে, ফলে বন্যা ও প্লাবনের ঝুঁকি রয়েছে। “এক্ষেত্রে আগাম কী কী কাজ করা দরকার, তা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। আমাদের পরিকল্পনাগুলো তাঁকে অবহিত করেছি,” বলেন তিনি।
মন্ত্রী জানান, খাল খনন কর্মসূচি অব্যাহত রয়েছে এবং এটি পানি নিষ্কাশন ব্যবস্থাকে উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, “আগামী ২৭ এপ্রিল যশোর এবং ২ মে সিলেটে প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে।”
বৈঠকে পানি বিশেষজ্ঞ আইনুন নিশাতসহ সংশ্লিষ্টরা উপস্থিত থেকে পানি ব্যবস্থাপনা ও বন্যা প্রস্তুতি বিষয়ে মতামত দেন। সরকারের লক্ষ্য হচ্ছে বর্ষা মৌসুমের আগেই গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে প্রস্তুতি সম্পন্ন করা, যাতে ক্ষয়ক্ষতি কমানো যায়।
সংশ্লিষ্টরা মনে করছেন, খাল খনন ও আগাম পরিকল্পনা বাস্তবায়ন হলে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে কিছুটা ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে এসব উদ্যোগের কার্যকারিতা নির্ভর করবে মাঠপর্যায়ে বাস্তবায়নের ওপর।
এর আগে রোববার দুপুর ১২টা ৫ মিনিটে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। এটি ছিল সপ্তাহের প্রথম কার্যদিবসের প্রথম বৈঠক।