নিজস্ব প্রতিবেদক:
নিয়োগের ১৭ দিনের মাথায় পদত্যাগ করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. নুরুল করিম।
রোববার (১৬ আগস্ট) রাষ্ট্রপতি বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র দেন।
এর আগে গত ৩০ জুলাই আগের সব নিয়োগ বাতিল করে সুপ্রিম কোর্টের ৮৬ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) পদে এবং ১৭৯ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) পদে নতুন করে নিয়োগ দেওয়া হয়।
আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি অত্র অনুবিভাগের বিভিন্ন তারিখের স্মারকমূলে আগে নিয়োগপ্রাপ্ত সব ডেপুটি অ্যাটর্নি-জেনারেল ও সহকারী অ্যাটর্নি-জেনারেলের নিয়োগ আদেশ বাতিলপূর্বক বাংলাদেশ ল অফিসার্স অর্ডার, ১৯৭২ (পিও নাম্বার) ৬ অব ১৯৭২-এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হলো।