প্রিন্ট এর তারিখঃ Aug 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 18, 2026 ইং
কথিত মডেল স্নিগ্ধা চৌধুরীর অঢেল সম্পদ: দুদকে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:
দৃশ্যমান আয়ের কোনো বড় মাধ্যম না থাকা সত্ত্বেও বিলাসবহুল জীবনযাপন, কোটি টাকার গাড়ি ব্যবহার এবং বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগে বিতর্কিত মডেল ও তথাকথিত অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
গত ৯ আগস্ট রোববার রাজধানীর মিরপুরের বাসিন্দা মইনুদ্দিন আহমদ দুদক চেয়ারম্যান বরাবর এই আবেদনটি জমা দেন।
দুদকের প্রাপ্তি শাখায় জমা পড়া ওই অভিযোগপত্রে বলা হয়, আয়ের সুনির্দিষ্ট কোনো বৈধ উৎস না থাকা সত্ত্বেও স্নিগ্ধা চৌধুরী অত্যন্ত বিলাসবহুল জীবনযাপন করছেন। বিনোদন জগতে তিনি ‘রাস্তা’ ও ‘প্রেশার কুকার’ নামে মাত্র দুটি চলচ্চিত্রে অভিনয় করেছেন, যার একটিও এখন পর্যন্ত প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। এমনকি ‘প্রেশার কুকার’ সিনেমাটিতে তার নিজস্ব বড় অঙ্কের বিনিয়োগ রয়েছে বলেও জানা গেছে। হাতে গোনা কয়েকটি বিজ্ঞাপন ও র্যাম্প শোতে অংশ নেওয়া একজন শিল্পীর পক্ষে কীভাবে কোটি টাকা মূল্যের গাড়ি ব্যবহার করা এবং বিলাসবহুল ফ্ল্যাটে বসবাস করা সম্ভব-তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে ওই আবেদনে।
অভিযোগকারী দাবি করেন, স্নিগ্ধা চৌধুরী ব্ল্যাকমেইলিং, অবৈধ উপায়ে সম্পদ অর্জন, মাদক ব্যবসা ও স্বর্ণ চোরাচালানের মতো গুরুতর অপরাধমূলক কর্মকান্ডের মাধ্যমে এই বিপুল সম্পদের মালিক হয়েছেন। এছাড়া দেশ ও বিদেশের একাধিক শীর্ষ সন্ত্রাসীর সঙ্গে তার নিবিড় সখ্য রয়েছে বলেও সেখানে উল্লেখ করা হয়।
সাম্প্রতিক একটি বিতর্কিত ভিডিও বার্তার প্রসঙ্গ টেনে অভিযোগে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে স্নিগ্ধা দাবি করেছিলেন যে তার মূল্যবান গাড়িটি মিরপুরের মতো এলাকায় চলার জন্য উপযুক্ত নয়। পাশাপাশি সবসময় বডিগার্ড নিয়ে চলাফেরা করা এবং তার ‘প্রভাবশালী বয়ফ্রেন্ড’ দেশের আইন বা শাসন ব্যবস্থাকে পরোয়া করে না-এমন উসকানিমূলক ও অবমাননাকর মন্তব্যও করতে দেখা গেছে তাকে।
এ ধরনের কর্মকান্ড সামাজিক মূল্যবোধের চরম অবক্ষয় ঘটাচ্ছে উল্লেখ করে, তার অর্জিত অবৈধ সম্পদের উৎস দ্রুত অনুসন্ধান করা এবং তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাঙালি সংবাদ