নিজস্ব প্রতিবেদক
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ঘনিষ্ঠ বান্ধবী হিসেবে পরিচিত ছাত্রলীগ নেত্রী নূরীকে আটক করেছে ধানমণ্ডি থানা-পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে স্থানীয় ছাত্র-জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকাসহ নানা অভিযোগ রয়েছে। সম্প্রতি ঘটে যাওয়া নাশকতায় তার কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আকতার হোসেন বলেন, “নূরীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।
এর আগে, গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় গুলশানের হোটেল ওয়েস্টিনের সামনে থেকে নিষিদ্ধ সংগঠনের তিন সদস্যকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনতা। পরে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য গুলশান থানায় নিয়ে যায়।
আটক ব্যক্তিরা হলেন—মাদারীপুরের কালকিনি উপজেলার সাব্বির হোসেন (২৯), পুরান ঢাকার চকবাজারের ফারহান আহমেদ (২৪) এবং নাটোরের বড়াইগ্রাম উপজেলার সজিবুর রহমান (৩০)। সাব্বির মিরপুর-২ এবং সজিবুর মহাখালীর ওয়ারলেস এলাকায় বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই তিন যুবককে আটকের সময় ঘটনাস্থলে লোকজনের ভিড় জমে যায়। পরে গুলশান থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের থানায় নিয়ে যায়।
গুলশান থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, আটক তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।