নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কলাবাগান এলাকার বাসিন্দা আব্দুর রহমান কর্তৃক ১২ কোটি টাকা আত্মসাতের শিকার হয়েছেন ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলের অন্তত ১২০ জন আলেম। ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন মসজিদের ইমাম, খতীব, মুয়াজ্জিন ও খাদেমগণ। এই বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে বর্তমানে আত্মগোপনে থাকা প্রতারক আব্দুর রহমানের গ্রেফতার ও বিচারের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে ‘ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন’।
শনিবার (২ মে) রাজধানীর কাকরাইলে সংগঠনের কার্যালয়ে ভুক্তভোগী আলেমদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ‘ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন’-এর নেতৃত্বে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি, জাতীয় জনতা ফোরাম কেন্দ্রীয় সংসদসহ বেশ কিছু মানবাধিকার সংগঠন ভুক্তভোগীদের আইনি ও সামাজিক লড়াইয়ে পাশে থাকার ঘোষণা দেয়। ভুক্তভোগীদের অভিযোগ, বিগত ৪ বছর ধরে বিভিন্ন লাভজনক ব্যবসায় বিনিয়োগের প্রলোভন দেখিয়ে আস্থা অর্জন করেন আব্দুর রহমান। শুরুতে কিছু লভ্যাংশ প্রদান করলেও ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে আসল রূপ প্রকাশ পেতে শুরু করে। টাকা ফেরত চাইতে গেলে পাওনাদারদের সন্ত্রাসী বাহিনী দিয়ে হুমকি ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে।
পরবর্তীতে ভুক্তভোগীরা আইনি ব্যবস্থা নিলে আদালত মূল আসামি আব্দুর রহমানসহ তার মা তাসলিমা, ভাই আব্দুর রহিম ও ছোট ভাই ওমরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। কলাবাগান থানা পুলিশ আব্দুর রহমান বাদে বাকি ৩ আসামিকে গ্রেফতার করে জেলহাজতে পাঠালেও মূল হোতা আব্দুর রহমান পলাতক রয়েছেন। বর্তমানে আদালতে চেক ডিজঅনার ও প্রতারণার মামলা চলমান রয়েছে। প্রতারক আব্দুর রহমানকে অনতিবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আগামী মঙ্গলবার (৫ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের সভাপতি ও বাংলাপোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার বলেন, সমাজ থেকে এসব প্রতারণা জালিয়াতির ঘটনাকে প্রতিরোধের মাধ্যমে রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। প্রতারণা প্রতিরোধে সচেতনতা সবচেয়ে বড় শক্তি। মানুষ যতবেশি সচেতন হবে, এই ধরনের অপরাধ ততই দ্রুত দমন করা সম্ভব হবে। আমরা চাই, কোনো সাধারণ মানুষ যেন প্রতারণার শিকার না হয়। তিনি বলেন, আমি আমার সংগঠন অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সহযোগিতা করে যাওয়া রক্ষায় ও মানবিক সেবাদানে সর্বদা প্রতিশ্রুতিবন্ধ। সমাজ থেকে প্রতারক চক্রকে উপড়ে ফেলতে হবে। না হয় সুন্দর সমাজ বিনির্মাণ করা সম্ভব হবে না। প্রতারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনগণকে সচেতন ও সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি।
সভায় উপস্থিত ছিলেন ভুক্তভোগী আলেমদের পক্ষে মাওলানা নাজমুল হক, মাওলানা এনামুল হাসান, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা এনামুল হক কাফী প্রমুখ।