নিজস্ব প্রতিবেদক
প্রায় দেড় বছর টানাপড়েনের পর দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসেবে আবারো ভিসা কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ও ভারত।
ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, বাংলাদেশ ইতোমধ্যে ভারতীয় নাগরিকদের জন্য সব ধরনের ভিসা আবার চালু করেছে। আর ভারতও ধীরে ধীরে ভিসা কার্যক্রম স্বাভাবিক করার পরিকল্পনা নিচ্ছে। সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারত সফরে গিয়ে ভিসা ব্যবস্থা ঠিক করা ঢাকার জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে তুলে ধরেন।
ভারতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, “গত বছরের ডিসেম্বরে আমাদের কিছু কেন্দ্রে ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করতে হয়েছিল। পরে ফেব্রুয়ারিতে তা পুনরায় চালু করা হয়েছে।” ভারতের ভিসা কার্যক্রমে ফেরার বিষয়ে কূটনীতিকদের বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, বাংলাদেশে নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দায়িত্ব গ্রহণের পরেই এই সেবা পুরোদমে চালু হতে পারে। দুই দেশের সম্পর্ক উন্নয়নের জন্য ফেব্রুয়ারিতে ভারতের একটি প্রতিনিধিদলও ঢাকা সফর করে।
২০২৪ সালের আগস্টে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের সম্পর্কে কিছুটা উত্তেজনা তৈরি হয়েছিল। তবে পরে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আবার সম্পর্ক ঠিক করার চেষ্টা শুরু হয়। ভিসা ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক হলে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, জ্বালানি সহযোগিতা এবং অন্যান্য ক্ষেত্রে সম্পর্ক আরও ভালো হবে বলে আশা করা হচ্ছে। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপত্তার কারণে ভিসা কার্যক্রম কিছুটা ধীর ছিল, তবে একেবারে বন্ধ হয়নি। জরুরি প্রয়োজনে আগেও ভিসা দেওয়া হচ্ছিল, আর এখন ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক করা হচ্ছে।