নিজস্ব প্রতিবেদক
বিগত অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে ঘিরে গুরুতর অভিযোগ তুলেছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক লাইভে তিনি এ বিষয়ে কথা বলেন। লাইভে অরুণা বিশ্বাস দাবি করেন, কিছু শিল্পীর ক্যারিয়ার নষ্ট করে দেওয়া হয়েছে। তার ভাষায়, ফারুকী নিজেকে সফল ভাবলেও বাস্তবতা ভিন্ন।
তিনি আরও বলেন, দেশে অবস্থান করেও তিনি স্বাভাবিকভাবে কাজ করতে পারেননি এবং বিভিন্ন ক্ষেত্রে বাধার মুখে পড়েছেন। ফলে কাজের সুযোগ হারানোর কথাও উল্লেখ করেন তিনি। অরুণা বিশ্বাস জানান, নিজের দেশকে তিনি খুব মিস করেন, তবে পরিস্থিতির কারণে কাজ চালিয়ে যেতে পারেননি। বিভিন্ন জায়গায় তাকে অপ্রত্যাশিত সমস্যার সম্মুখীন হতে হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ফেসবুক লাইভে একটি অনুষ্ঠানের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি, যেখানে উপস্থিত আচরণে তিনি অসন্তোষ প্রকাশ করেন। একজন শিল্পী হিসেবে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন বলেও মন্তব্য করেন।
তিনি আরও বলেন, নিজের ইচ্ছায় নয়, পরিস্থিতির কারণে তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। তবে কেউ তাকে সরাসরি কিছু বলেনি বলেও উল্লেখ করেন তিনি। এয়ারপোর্টে এক ব্যক্তির আচরণ নিয়েও কথা বলেন অরুণা বিশ্বাস। তিনি জানান, ওই ব্যক্তির আচরণ তাকে বিরক্ত করেছে এবং বিষয়টি ভবিষ্যতে খতিয়ে দেখবেন বলেও মন্তব্য করেন। প্রসঙ্গত, অরুণা বিশ্বাস দীর্ঘদিন ধরে কানাডায় বসবাস করছেন। তিনি জানান, পাসপোর্ট না থাকলে দেশে আসা সম্ভব হতো না।