প্রিন্ট এর তারিখঃ Jul 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 6, 2026 ইং
ঘুষ বাণিজ্যে অবৈধ সম্পদের পাহাড়ে বিএসটিআই ডিজি!

বিশেষ প্রতিবেদক॥ বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক (ডিজি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কাজী ইমদাদুল হকের বিরুদ্ধে অবৈধ সহায়-সম্পদের পাহাড় গড়ে তোলার গুরুতর অভিযোগ উঠেছে। অবসরপ্রাপ্ত এই কর কর্মকর্তা চলতি বছরের ৩০ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এক বছরের জন্য এই পদে নিয়োগ পান বলে জানা গেছে। এই পদে নিয়োগ পেতে তিনি বিশাল অংকের বিনিযোগ করেছেন বলে বিভিন্ন মহলে ব্যাপক জনশ্রুতি রয়েছে।
অনুসন্ধানে জানা যায়, বিসিএস ট্যাক্সেস ক্যাডার ৭ম ব্যাচের এই কর্মকর্তা সাবেক কর কমিশনার, লার্জ ট্যাক্স পেয়ার ইউনিটের অতিরিক্ত কমিশনার ট্যাক্সেস আপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদে থাকতে বড় বড় শিল্পগ্রুপ ও করপোরেট হাউজগুলোকে ট্যাক্স ফাঁকিতে সাহায্য করে ঘুষ বাবদ কোটি কোটি টাকা হাতিয়ে নেন। এভাবে তিনি নামে-বেনামে অগাধ ধন-সম্পদের মালিক হয়েছেন বলে নির্ভরযোগ্য সূত্র জানায়। চলতি বছরে বিএসটিআই এর ডিজি পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েও ব্যাপক ঘুষ বাণিজ্যে জড়িয়ে পড়ার অভিযোগ করেছেন দেশের খ্যাতনামা দুটি কোম্পানীর উর্দ্ধতন কর্মকর্তারা।
ডিজি ইমদাদুল হকের অবৈধ সহায়-সম্পদের সামান্য কিছু তালিকা :
১) ঢাকার অভিজাত নিকুঞ্জ এলাকায় অভিজাত বাডী, যার শুধুমাত্র আন্ডারগ্রাউন্ডে ব্যয় হয়েছে ৫ কোটি টাকা, ২) কাকরাইলে করিম টাওয়ারে ও গ্রীণ সিটি রিজেন্সীতে দুইটি বাণিজ্যিক স্পেস। যার বর্তমান বাজার মূল্য ৫কোটি করে মোট ১০ কোটি, ৩) বসুন্ধরা আবাসিক এলাকায় ২টি পাঁচ কাঠার প্লট, যার মূল্য প্রায় ১০ কোটি, ৪) পূর্বাচলে একটি ৫ কাঠার প্লট, ৫) পরিবাগের দিগন্তে ৪,০০০ বর্গফুটের ৭ কোটি টাকার একটি এপাার্টমেন্ট, ৬) ৬ কোটি টাকা ব্যয়ে দুই সন্তানকে কানাডা ও বৃটেনে শিক্ষাদান, ৭) মোহনগঞ্জ গ্রামের বাড়ীতে ৮ বেড রুমের দ্বিতল বাডী, যার বর্তমান বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা, ৮) মোহনগঞ্জ উপজেলা সদরে বিশাল বানিজ্যিক মার্কেট, মূল্য প্রায় ১০ কোটি, ৯) স্ত্রীর বিজনেস ক্লাস ভ্রমন বছরে ৪ বার, ১০) নগদ বা ব্যাংকে প্রায় ১০ কোটি টাকা। বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য কাজী এমদাদুল হকের সাথে অফিসে ও ফোনে কয়েক দফা চেষ্টা করেও তার নাগাল না পাওয়ায় মতামত নেওয়া সম্ভব হয়নি। (ক্রমশঃ)
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাঙালি সংবাদ