বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার বারহাট্টা উপজেলার ডেমুরা গ্রামে এক বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে জাহেদ মিয়া নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভূক্তভোগীর মা বাদী হয়ে বারহাট্টা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।
মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবারের অভিযোগ অনুযায়ী, গত ২৮ জুলাই মঙ্গলবার দুপুর প্রায় দেড়টার দিকে অভিযুক্ত জাহেদ মিয়া কৌশলে ওই তরুণীকে কামাল মিয়ার বাড়ির রান্না ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরদিন ভূক্তভোগী পরিবারের সদস্যদের কাছে অভিযুক্তকে শনাক্ত করে ঘটনার কথা জানান। পরে ৩০ জুলাই ভুক্তভোগীর মা ফাতেমা আক্তার বাদী হয়ে বারহাট্টা থানায় একটি মামলা দায়ের করেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী অভিযুক্তের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ভুক্তভোগীর মা বলেন, আমি আমার মেয়েকে ত্রিশ বছর ধরে লালন-পালন করেছি। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।
অন্যদিকে, অভিযুক্তের মা ও স্ত্রী অভিযোগ স্বীকার করে তাদের বক্তব্যে বলেন, তারা ভূক্তভোগীকে বিয়ে করাতে রাজি আছেন।
বারহাট্টা থানার তদন্ত কর্মকর্তা শফিকুজ্জামান বলেন, এ ঘটনায় একটি মামলা রুজু হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে এবং দ্রুত তাকে আইনের আওতায় আনা হবে বলে আশা করা হচ্ছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভুক্তভোগীর পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে।