উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা ২০২৬ এর সময়সূচি প্রকাশ করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) প্রকাশিত রুটিন অনুযায়ী, আগামী ২ জুলাই থেকে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে একযোগে এই পরীক্ষা শুরু হবে। প্রথম দিন অনুষ্ঠিত হবে আবশ্যিক বাংলা প্রথম পত্রের পরীক্ষা। তত্ত্বীয় পরীক্ষা চলবে ৮ আগস্ট পর্যন্ত, আর ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে ১৫ আগস্টের মধ্যে।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির প্রকাশিত সূচিতে দেখা যায়, জুলাই মাসজুড়ে ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৪ জুলাই বাংলা দ্বিতীয় পত্র, ৬ জুলাই ইংরেজি প্রথম পত্র, ৮ জুলাই ইংরেজি দ্বিতীয় পত্র এবং ১১ জুলাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা নেওয়া হবে। এরপর ১৩ থেকে ১৮ জুলাইয়ের মধ্যে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান, যুক্তিবিদ্যা ও ভূগোলের উভয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
একই ধারাবাহিকতায় ১৯ জুলাই রসায়ন, ইসলামের ইতিহাস ও ইতিহাস প্রথম পত্র এবং ২২ জুলাই এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা নির্ধারণ করা হয়েছে। মাসের শেষভাগে অর্থনীতি, পৌরনীতি, জীববিজ্ঞান ও ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। পাশাপাশি ৩০ জুলাই ও ১ আগস্ট মনোবিজ্ঞান, কৃষিশিক্ষা ও চারু ও কারুকলা পরীক্ষার সূচি রাখা হয়েছে। ২ আগস্ট ও ৪ আগস্ট উচ্চতর গণিত ও ইসলাম শিক্ষা বিষয়ের দুই পত্রের পরীক্ষা শেষে ৮ আগস্ট ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা এবং সমাজবিজ্ঞান ও সমাজকর্মের মাধ্যমে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে।
পরীক্ষার সময়সূচি অনুযায়ী, সকাল ১০টা ও বিকাল ২টা দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষায় বহুনির্বাচনী অংশ আগে এবং সৃজনশীল অংশ পরে নেওয়া হবে, এর মধ্যে কোনো বিরতি থাকবে না। ১০০ নম্বরের পরীক্ষার জন্য সময় নির্ধারণ করা হয়েছে ৩ ঘণ্টা। ব্যবহারিক যুক্ত বিষয়ে সময় কিছুটা কম রাখা হয়েছে।
শিক্ষা বোর্ড পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু নির্দেশনাও জারি করেছে। পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে আসনে বসতে হবে। সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, তবে প্রোগ্রামিং ক্যালকুলেটর ও মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ। তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক প্রতিটি অংশে আলাদাভাবে পাস করা বাধ্যতামূলক করা হয়েছে।
বোর্ড জানিয়েছে, বিশেষ প্রয়োজনে সময়সূচিতে পরিবর্তন আনার ক্ষমতা তাদের হাতে থাকবে। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে বিপুলসংখ্যক পরীক্ষার্থী এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেবে।