নিজস্ব প্রতিবেদক
শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে সরকার। ৪ থেকে ১৩ বছর বয়সী শিশুদের জন্য বিনা বেতনে পড়াশোনার সুযোগ নিশ্চিত করতে চায় সরকার। একই সঙ্গে ধাপে ধাপে প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বুধবার (২২ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণসাক্ষরতা অভিযান আয়োজিত ‘শিক্ষা বাজেট, বাজেটের শিক্ষা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখতে আর্থিক প্রণোদনা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “প্রাথমিক গ্রেড বাড়িয়ে অষ্টম পর্যন্ত নিয়ে যেতে চাই, এটা আমরা ধাপে ধাপে বাস্তবায়ন করব।”
শিক্ষাব্যবস্থার কাঠামোগত পরিবর্তনের পাশাপাশি নতুন কারিকুলাম নিয়েও কথা বলেন তিনি। তার ভাষায়, “শিক্ষার্থীরা খেলতে খেলতে শিখবে, গল্পের মাধ্যমে শিখবে। তবে এ ক্ষেত্রে আমরা তাড়াহুড়ো করব না, সবার সঙ্গে আলোচনা করেই পরিকল্পনা এগোবে।”
প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালুর বিষয়ে সতর্ক অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, দেশের অনেক স্কুলে এখনো নিরাপত্তা ব্যবস্থা নেই। “৬৫ হাজার স্কুলে নিরাপত্তা গার্ড নেই। এ অবস্থায় মাল্টিমিডিয়া চালু করলে সরঞ্জাম রক্ষা করা কঠিন হবে,” বলেন তিনি।
এছাড়া বাংলা ও ইংরেজির পাশাপাশি শিক্ষার্থীদের তৃতীয় ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। কোচিং ও নোট-গাইড নির্ভরতা কমাতে সেগুলো বন্ধ করার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।
আলোচনা সভায় শিক্ষাখাতে বাজেট বাড়ানোর দাবি জানায় আয়োজক সংস্থা গণসাক্ষরতা অভিযান। তাদের মতে, শিক্ষার মান উন্নয়নে জাতীয় বাজেটের উল্লেখযোগ্য অংশ বরাদ্দ দেওয়া প্রয়োজন। সংস্থাটি জিডিপির নির্দিষ্ট অংশ শিক্ষায় বিনিয়োগ এবং বিকল্প অর্থায়নের পথ খুঁজে বের করার প্রস্তাবও তুলে ধরে।