ঢাকা | বঙ্গাব্দ

ঢাকা বনবিভাগে বনের জমি নিয়ে হরিলুট

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 23, 2026 ইং
ঢাকা বনবিভাগে বনের জমি নিয়ে হরিলুট ছবির ক্যাপশন: সততার মুখোশ পরে ডিএফও বশিরুলের নেতৃত্বে চলছে উজাড় কার্যক্রম
ad728
বনমালি আসাদ: ‎
সততার মুখোশধারী একজন কর্মকর্তার আড়ালে ঢাকা বন বিভাগে গড়ে উঠেছে বনভূমি উজাড় করে বা বনের জমি ভূমিদস্যুদের হাতে তুলে দিয়ে দুর্নীতি আর লুটপাটের এক অন্ধকার সাম্রাজ্য! সরকারি বনভূমি রক্ষার দায়িত্বে থাকা বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) বশিরুলের মুখে জিরো টলারেন্সের কথা শোনা গেলেও বাস্তবে চলছে এক ধরণের চরম ভন্ডামি। প্রশাসনিক ক্ষমতা কাজে লাগিয়ে নাটকের পর নাটক সাজিয়ে ঢাক-ঢোল পেটিয়ে লোকদেখানো উচ্ছেদ অভিযান চালানো হয়। এর পরপরই বন দখলকারী রফিকুল, মোকসেদ, শাহীন ও জাকিরদের সাথে বাঁকা পথে মোটা অঙ্কের ঘুষের লেনদেনে আবারও দখল হয়ে যায় বনের সরকারি জমি। নিজের গায়ে সততার সিল মেরে মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের দিয়ে ভয়াবহ দুর্নীতি করানোর মূল রূপকার এই ডিএফও বশিরুল। বনের জমি বেহাতের একের পর এক অভিযোগ জমা পড়লেও আজ পর্যন্ত তিনি একটির বিরুদ্ধেও নেননি কোনো কার্যকর ব্যবস্থা।
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৫নং ওয়ার্ড হরতকীতলা এলাকায় সরকারি বন বিভাগের জমি দখল, গাছ কেটে রাস্তা নির্মাণ, বাসাবাড়ি-মার্কেট রমরমাট ব্যবসা ও ব্যক্তিগত কবরস্থান নির্মাণের অভিযোগসহ নানা অনিয়মের প্রতিবাদে গত ১৮ সেপ্টেম্বর বিকালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

‎অনুসন্ধানে জানা যায়, চন্দ্রা, মৌচাক, রাথুরা ও কাশিমপুর বিটের একের পর এক চাঞ্চল্যকর তথ্য ও অনিয়মের প্রমাণ উঠে এসেছে। চন্দ্রা স্পিনিং মিল সংলগ্ন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কারিগরপাড়ায় আশরাফ হোসেন ইটের দেয়াল তুলে চার কক্ষের অর্ধপাকা ভবন বানাচ্ছেন। চন্দ্রা টাওয়েল টেক্স সংলগ্ন এলাকায় সংরক্ষিত বনভূমিতে আকাশমনি গাছ কেটে রাস্তা নির্মাণ করেছেন তৌহিদুল ইসলাম সিদ্দিকী। ২০২৫ সালের ১৩ মার্চ তাঁর বিরুদ্ধে মামলা ও গ্রেফতার হলেও জামিনে বেরিয়ে বন বিভাগের অসাধু কর্মকর্তাদের টাকা দিয়ে ম্যানেজ করে আবারও রাস্তার কাজ চালিয়ে যাচ্ছেন।
‎‎অনুসন্ধানে উঠে আসে টাকার বিনিময়ে বন বিভাগের জমি বেচাকেনার এই উৎসবের ভয়াবহ চিত্র! কালিয়াকৈরের ভুলুয়া এলাকায় শাকিল ৪ লাখ ৪০ হাজার টাকার বিনিময়ে বনের জমিতে বাড়ি করছেন। কালামপুরে সামাদ ১ লাখ ৫ হাজার টাকা বিট স্টাফদের দিয়ে তিন রুমের টিনশেড ঘর তুলেছেন। কুঁচপাড়[ায় দালাল রতনের মাধ্যমে ২ লাখ ৯০ হাজার টাকা ঘুষ দিয়ে রনজিত বনের জমিতে ৫ রুমের ভবন বানাচ্ছেন। বটতলায় সাবেক ইসমাইল কমিশনারের ছেলে ১ লাখ ৬০ হাজার টাকা দিয়ে পাকা দোকান করেছেন। চান্দরা মৌজায় রিমা নামের এক নারী ২ লাখ ২০ হাজার টাকা দিয়ে ৩ রুমের টিনশেড ঘর তুলেছেন। আর তাঁর পাশেই শাহিন ও মাহবুব নামের দুই ব্যক্তি ৬ লাখ ৭০ হাজার টাকা ঘুষ দিয়ে ৪০ হাত লম্বা জুটের গোডাউন বানিয়েছেন।
‎স্থানীয়রা জানান, চন্দ্রা বিটের শিল্পকুঞ্জ পার্কের কাছে মোতালেব ডাক্তার ৪ লাখ টাকা বিট কর্মকর্তা ইকবাল হোসেনকে দিয়ে পাকা দেয়াল তুলে দোকান করছেন। সকিনার মোড়ে জাকির ২ লাখ ৩৪ হাজার টাকা ঘুষ দিয়ে ইকবাল, লুৎফর, মামুন ও লতিফকে ম্যানেজ করে ৫ রুমের ঘর তুলছেন। অভিযোগ ওঠার পর ইকবাল লোকদেখানো একটু বারান্দা ভেঙে চলে আসলেও পুরো ঘর বহালতবিয়তে রয়েছে! এছাড়া চান্দরা খেলার মাঠে শাহিনের মামার পুড়ে যাওয়া ঘরের জায়গায় নতুন করে ৩০-৪০ টি রুম হিসেবে আবার তৈরি করা হয়েছে। যেখান থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে ইকবাল, লুৎফর, মামুন, লতিফ সিন্ডিকেট। মাটিকাটা ইনক্রেটেবল ফ্যাক্টরির কাছে সাবেদ ওরফে পীর সাহেব ১ লাখ টাকা দিয়ে এবং পাশেই ভুলুয়া মৌজার কফিল উদ্দিন এর ছেলে আনোয়ার হোসেন ওরফে ব্লাক আনোয়ার ৭ লাখ টাকার বিনিময়ে ইটের দেয়াল তুলে বাড়ি বানিয়েছেন।
‎‎মৌচাক বন বিটের ভান্নারা সাব-বিটে বনফুল বাজারে নতুন করে ৩৪টি অবৈধ দোকান তোলা হয়েছে, যার প্রতিটির জন্য ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। আলিফ কম্পোজিট লিমিটেড নামের ফ্যাক্টরি বনের জমি দখল করলেও উচ্ছেদ ঠেকাতে বিট কর্মকর্তা শাজাহান মিয়ার মাধ্যমে ৩ লাখ ৫০ হাজার টাকার লেনদেন হয়েছে। মাঝুখান মৌজায় আজিজুল ডাক্তার ও তাঁর ভাই বিট কর্মকর্তার সাথে আঁতাত করে শত শত গজারি ও আকাশমণির গাছ কেটে সাবাড় করে ফেলেছেন।
‎‎সংরক্ষিত বন রক্ষায দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের এই দেউলিয়াপনা সীমা ছাড়িয়েছে শ্রীপুর রেঞ্জের রাথুরা বিটেও। গত ৪ জুন রাতে রাথুরা বিটের সিএস ১৩৬৯ ও ১৩৭১ দাগ থেকে মোজাম্মেল নামের এক ব্যক্তির কাছে মাত্র ৮ হাজার টাকায় ১০টি বিশাল গজারি গাছ কেটে বিক্রি করেছেন বিট অফিসার শেখ ইমদাদ হোসেন। নথিপত্র অনুযায়ী ২০২৫ সালের ৩ নভেম্বর রাথুরা অঞ্চল থেকে তাঁকে সিলেটে বদলির আদেশ দেওয়া হলেও, বন সংরক্ষকের গাড়িচালক বিল্রাল ও প্রধান অফিস সহকারী আতিয়ার রহমানের মাধ্যমে মোটা অঙ্কের ঘুষ লেনদেনে তিনি একই জায়গায় বহাল থেকে একের পর এক অবৈধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন! বেলতলীতে বশির হোসেন ৫০ হাজার টাকায় এবং কবরঘাটায় রফিকুল ইসলাম মোটা অঙ্কের টাকা দিয়ে বনের জমিতে প্রকাশ্যে ঘর বানাচ্ছেন।
চন্দ্রা স্পিনিং মিল সংলগ্ন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পূর্ব পাশে পূর্ব চান্দরা কবরস্থানের বাম দিকে কারিগরপাড়া এলাকায় সংরক্ষিত বনভূমির ওপর একটি পুরোনো টিনশেড ঘরকে ইটের দেয়াল তুলে চার কক্ষবিশিষ্ট অর্ধপাকা ভবনে রূপান্তরের কাজ চলছে। ছবিটি চলতি বছরের আগস্ট মাসে তোলা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, আশরাফ হোসেন নামে এক ব্যক্তি বন প্রহরী এনামুল ও লতিফের মাধ্যমে প্রায় ৮০ হাজার টাকা দিয়ে ওই নির্মাণকাজ সম্পন্ন  করেছেন।

‎কাশিমপুর বিটের মাধবপুরে ইমরান নামের এক ব্যক্তি বিট কর্মকর্তা চান মিয়াকে ম্যানেজ করে ২ কক্ষের হাফ বিল্ডিং তুলছেন। অপরদিকে রাজেন্দ্রপুর রেঞ্জের নিশ্চিন্তপুরে আউলিয়ার টেক মাজারের সামনে বনের গাছপালা কেটে কালীগঞ্জের এক প্রভাবশালী ঠিকাদারের কাছ থেকে টাকা নিয়ে নতুন করে পিচঢালাই রাস্তা বানিয়ে দেওয়া হচ্ছে।
‎‎সবচেয়ে বড় প্রহসন ঘটেছে মৌচাক বিটের ভান্নারা মৌজায়। ২০২৩ সালে জাঁকজমকপূর্ণ উচ্ছেদ অভিযান চালিয়ে ১৪ কোটি টাকা মূল্যের প্রায় ৭০ শতাংশ জমি উদ্ধার করা হলেও, মাত্র দুই বছরের মাথায় কাঁটাতারের বেড়া ও খুঁটি কেটে আবারও মার্কেট গড়ে তোলা হয়েছে। বন প্রহরী আমিনুল, জামাল ও মোবারকের সহযোগিতায় রাতে এই পুনর্দখল চলছে। সরকারি সার্ভেয়ার রনি হোসেন সরেজমিনে মেপে জবরদখলের সুস্পষ্ট প্রমাণ পেলেও গত দুই মাসে কোনো উচ্ছেদ চালানো হয়নি। উল্টো সাংবাদিকরা প্রশ্ন করলে বিট কর্মকর্তা শাজাহান অসৌজন্যমূলক আচরণ করে ক্ষোভ ঝাড়েন।
‎বাড়ইপাড়া বনবিটে প্রায় এক হাজার বিঘা জমি দখলের প্রতিযোগিতায় মেতেছে সিন্ডিকেট। সাহসে ভর করে অভিযুক্ত শাহ আলম ক্যামেরার সামনেই স্বীকার করেছেন, বনের জমিতে ঘর করতে বিট অফিসে ২০ হাজার টাকা দিতে হয়েছে। টাকা ছাড়া এখানে ঘর করা যায় না! একইভাবে অভিযুক্ত আশরাফ চার রুমের পাকা বাড়ি বানিয়ে বন বিভাগকে ম্যানেজ করার কথা প্রকাশ্যেই জানিয়েছেন।
‎বন রক্ষার জিরো টলারেন্স নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে এই শত শত একর বনভূমি বিক্রি, অবৈধ স্থাপনা নির্মাণ আর গাছ কাটার পুরো সিন্ডিকেটের পেছনে রয়েছেন মূল হোতা ডিএফও বশিরুল। নিজের সাজানো সিন্ডিকেটকে দিয়ে বনের জমি বেচে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া এই কর্মকর্তা ওদিকে বনের সরকারি গেস্ট হাউজগুলো অবৈধভাবে দখল করে নিজের আত্মীয়-স্বজন নিয়ে আমোদ-স্ফুর্তিতে ব্যস্ত সময় পার করছেন।
‎‎বনভূমি ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবিলম্বে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে এই লটারির মতো দুর্নীতিবাজ ডিএফও বশিরুলসহ তাঁর সিন্ডিকেটের সব বিট কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছে সর্বস্তরের জনগণ।
বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য ডিএফও বশিরুলের সাথে ফোনে কয়েকদফা যোগাযোগের চেষ্টা করেও কোন রেসপন্স পাওয়া যায়নি। (ক্রমশঃ)




শেয়ার করুন:
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারিগরি শিক্ষা অধিদপ্তর: দুর্নীতি আর লুটপাটে শিক্ষার্থীরা অন

কারিগরি শিক্ষা অধিদপ্তর: দুর্নীতি আর লুটপাটে শিক্ষার্থীরা অন