ঢাকা | বঙ্গাব্দ

চীনের অর্থনীতিকে আমূলে বদলে দেওয়া সাবেক প্রধানমন্ত্রী ঝু আর নেই

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 12, 2026 ইং
চীনের অর্থনীতিকে আমূলে বদলে দেওয়া সাবেক প্রধানমন্ত্রী ঝু আর নেই ছবির ক্যাপশন: চীনের অর্থনীতিকে আমূলে বদলে দেওয়া সাবেক প্রধানমন্ত্রী ঝু আর নেই। ছবি: সংগৃহীত
ad728
আন্তর্জাতিক ডেস্ক:

চীনের অর্থনীতিকে আমূল বদলে দেওয়া দূরদর্শী সংস্কারক ও সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯৭ বছর।

বুধবার চীনের স্থানীয় সময় সকাল ১১টার দিকে বেইজিংয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এই তথ্য নিশ্চিত করেছে। মার্কিন বার্তা সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, ক্ষুরধার বাকপটু এই সংস্কারক ১৯৯০-এর দশকে চীনের রাষ্ট্রীয় শিল্পে ব্যাপক পরিবর্তন আনেন। ২০০১ সালে চীনকে বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে তিনি প্রধান নেতৃত্ব দেন, যা দেশটির অর্থনৈতিক অগ্রগতিকে অভূতপূর্ব গতি দিয়েছিল।

ঝু রংজি ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত চীনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ১৯৯০-এর দশকে উপ-প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও লোকসানি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে ঋণ দেওয়া বন্ধ করে নিজের কঠোর অবস্থানের জানান দেন। কমিউনিস্ট পার্টির রক্ষণশীল অংশ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রধানদের বিরোধিতা উপেক্ষা করে তিনি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে দক্ষ ও লাভজনক করে তোলেন। তার গৃহীত এসব কঠোর পদক্ষেপের কারণে লাখ লাখ মানুষ চাকরি হারালেও দীর্ঘমেয়াদে তা দেশের অর্থনীতিকে শক্তিশালী করে। পরবর্তীতে ২০১০ সালে জাপানকে পেছনে ফেলে চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়। একইসঙ্গে ২০০০ থেকে ২০১০ সালের মধ্যে চীনের বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ৮ শতাংশের ওপরে উন্নীত হয়, যা ২০০৭ সালে সর্বোচ্চ ১৪ দশমিক ২ শতাংশে পৌঁছায়। ১৯৯৮ সালে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের ফ্ল্যাট বিক্রির উদ্যোগ নিয়ে তিনি চীনে ব্যক্তিগত আবাসন খাতের সূচনা করেন। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের রাজস্ব বাড়াতে তিনি একটি নতুন কর ব্যবস্থা চালু করেছিলেন। 

১৯২৮ সালের ২৩ অক্টোবর হুনান প্রদেশে জন্ম নেওয়া ঝু রংজি ১৯৫৭ সালে ‘ডানপন্থী’ তকমা পেয়ে ২২ বছরের জন্য ক্যারিয়ারে স্থবিরতার সম্মুখীন হন। ১৯৬৬-৭৬ সালের সাংস্কৃতিক বিপ্লবের সময় তাকে গ্রামে শারীরিক পরিশ্রমের নির্বাসনে পাঠানো হয়েছিল। পরবর্তীতে ১৯৭৯ সালে পুনর্বাসিত হয়ে তিনি ১৯৮৮ সালে সাংহাইয়ের মেয়র হন এবং ১৯৯১ সালে উপ-প্রধানমন্ত্রী নিযুক্ত হন।

দুর্নীতি ও ব্যর্থতার বিরুদ্ধে কঠোর অবস্থান, সরকারি ভুলের জন্য জনগণের কাছে ক্ষমা চাওয়া এবং স্পষ্টভাষী শৈলীর জন্য তিনি সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। সাবেক এই শীর্ষ নেতার প্রয়াণে চীনের ঐতিহাসিক অর্থনৈতিক রূপান্তরের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল।




শেয়ার করুন:
কমেন্ট বক্স