নিজস্ব প্রতিবেদক
ঈদযাত্রায় নৌ-দুর্ঘটনা প্রতিরোধে
নৌপথে দশ দিন বালুবাহী
‘বাল্ক হেড’ ও ডিঙি নৌকা চলাচল বন্ধ ঘোষণা করেছে নৌপরিবহন
মন্ত্রণালয়।
পাশাপাশি, রাতের বেলায় স্পিডবোট চলাচল নিষিদ্ধ করা হয়েছে এবং দিনের বেলায় স্পিডবোটে যাত্রীদের
লাইফ জ্যাকেট পরা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
একইসঙ্গে ১৭ থেকে ২৪ মার্চ নিত্যপ্রয়োজনীয় ও দ্রুত পচনশীল পণ্যবাহী ট্রাক ছাড়া সাধারণ ট্রাক ও কভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ রাখা হবে, যাতে যাত্রী পরিবহন নির্বিঘ্ন থাকে।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে
নৌপরিবহন মন্ত্রণালয়ের
সভাকক্ষে নৌপরিবহন
মন্ত্রী শেখ রবিউল আলমের সভাপতিত্বে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে
এসব নির্দেশনা
দেওয়া হয়।
পরে সংবাদ সম্মেলনে
নৌপরিবহন মন্ত্রী বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে ঘরমুখো মানুষের নিরাপদ, সুশৃঙ্খল
ও নির্বিঘ্ন
যাতায়াত নিশ্চিত করতে সর্বাত্মক
প্রস্তুতি নিয়েছে সরকার।
“ঈদকে কেন্দ্র করে নৌপথে যাত্রীচাপ বহুগুণ বৃদ্ধি পায়। এ পরিস্থিতিতে
যাত্রীদের নিরাপত্তা,
নিরাপদ যাত্রা ও স্বস্তি নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার।”
শেখ রবিউল বলেন, “কোনো অবস্থাতেই
অনুমোদিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না এবং লঞ্চে অতিরিক্ত যাত্রী বা মালামাল বহন সম্পূর্ণ
নিষিদ্ধ থাকবে। লঞ্চের ছাদে যাত্রী উঠানো যাবে না।
অতিরিক্ত ভাড়া আদায় বা অতিরিক্ত
যাত্রী ও মালামাল বহনের অভিযোগ প্রমাণিত
হলে সংশ্লিষ্ট
নৌযানের রুট পারমিট ও লাইসেন্স বাতিলসহ মালিক ও চালকের বিরুদ্ধে
কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।