দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন জাতীয় সংসদের অধিবেশন কক্ষে চলছে ভোট গণনা। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়ে নির্ধারিত সময় বিকেল ৫টায় শেষ হয়।
রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার ঘোষণা দেন। এরপর শুরু হয় ব্যালট গণনার কাজ। সিইসির নেতৃত্বে নির্বাচন কমিশনার ও ইসি সচিব এ প্রক্রিয়া পরিচালনা করছেন।
এবারের নির্বাচনে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন। তাঁরা হলেন বিএনপি মনোনীত প্রার্থী দলের সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।
রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য। ভোট শুরুর আগে সিইসি এ এম এম নাসির উদ্দিন সংসদ সদস্যদের ভোট দেওয়ার নিয়ম ও প্রক্রিয়া তুলে ধরেন।
নির্বাচন কমিশনের ২০ জন কর্মকর্তা সংসদ সদস্যদের ভোটদানে সহায়তা করেন এবং ব্যালট পেপার সরবরাহ করেন। সংসদের অধিবেশন কক্ষে নির্ধারিত স্থানে রাখা তিনটি স্বচ্ছ ব্যালট বাক্সে সাদা ও কালো ছাপানো ব্যালটের মাধ্যমে ভোট দেন সংসদ সদস্যরা।
ভোটগ্রহণের শুরুতে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এরপর ভোট দেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দেন।
ভোটগ্রহণ শেষে সিইসি জানান, এখন ভোট গণনার পালা। জাতীয় সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন সচিবালয়ের সহায়ক কর্মকর্তারা গণনার কাজে যুক্ত থাকবেন।
সিইসি বলেন, ব্যালট গণনার পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কে কত ভোট পেয়েছেন, কতটি ভোট বাতিল বা নষ্ট হয়েছে এবং সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়া প্রার্থীর নাম ঘোষণা করা হবে। এরপর নির্বাচিত রাষ্ট্রপতির নামে গেজেট প্রকাশ করা হবে।
ভোটগ্রহণের আগে সিইসি জানান, সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের ভোটের মাধ্যমেই রাষ্ট্রপতি নির্বাচন হবে। ভোট প্রদান ও গণনার সময় সংসদ সদস্যরা উপস্থিত থাকতে পারবেন।
তিনি আরও বলেন, যে প্রার্থী সর্বাধিক ভোট পাবেন, তাঁর নাম সংসদেই জানিয়ে দেওয়া হবে।
এবারের নির্বাচনকে ঘিরে সংসদে ভোটগ্রহণের পুরো প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এখন ফলাফলের অপেক্ষা। গণনা শেষ হলে আনুষ্ঠানিকভাবে জানা যাবে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে কে নির্বাচিত হচ্ছেন।