ঢাকা | বঙ্গাব্দ

প্রাথমিক শিক্ষার্থীদের জন্য সুখবর, জুলাই থেকে পাটের ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 22, 2026 ইং
প্রাথমিক শিক্ষার্থীদের জন্য সুখবর, জুলাই থেকে পাটের ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার ছবির ক্যাপশন:
ad728
নিজস্ব প্রতিবেদক

শিক্ষার্থীদের মধ্যে সমতা নিশ্চিত করতে প্রাথমিক স্তরের শিশুদের জন্য পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিকভাবে সারাদেশে প্রথম শ্রেণির প্রায় এক লাখ শিক্ষার্থী এই সুবিধার আওতায় আসবে।

বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, “দেশীয় পণ্য কোমলমতি শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে সরকার এই উদ্যোগ নিয়েছে। পাইলট প্রকল্প হিসেবে আগামী জুলাই থেকে প্রতিটি উপজেলায় দুটি করে প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি শুরু হবে।”

এই উদ্যোগ বাস্তবায়নে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে। স্থানীয় প্রশাসন প্রতিটি উপজেলায় দুটি করে বিদ্যালয় নির্বাচন করবে। প্রথম ধাপে ক্লাস ওয়ানের শিক্ষার্থীদের মধ্যে পাটের ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করা হবে।

মাহদী আমিন বলেন, “আমরা চাই ‘মেড ইন বাংলাদেশ’ পণ্য দেশজুড়ে ছড়িয়ে দিতে। একই সঙ্গে ধনী ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে পার্থক্য কমিয়ে একটি ন্যায্য ও সমতাভিত্তিক সমাজ গড়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।” তিনি আরও জানান, ধাপে ধাপে দেশের সব শিক্ষার্থীর কাছে এই সুবিধা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এ উদ্যোগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো পরিবেশ সচেতনতা। সংশ্লিষ্টরা বলছেন, পলিথিনের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রতি মানুষকে আগ্রহী করাই এর লক্ষ্য। এক কর্মকর্তা বলেন, “শিক্ষার্থীদের মাধ্যমেই আমরা পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়াতে চাই এবং পাটশিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই।”

সরকারের আশা, এই কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন শিক্ষার্থীদের মধ্যে সমতা তৈরি হবে, অন্যদিকে দেশীয় শিল্প ও পরিবেশবান্ধব পণ্যের ব্যবহারও বাড়বে।




শেয়ার করুন:
কমেন্ট বক্স
রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ

রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ