নিজস্ব প্রতিবেদক :
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গুরুত্বপূর্ণ এয়ার ফ্রেইট ইউনিটে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে বহাল তবিয়তে আছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা মাহবুবুল ইসলাম প্রিন্স। পতিত আ’লীগ সরকারের শীর্ষ নেতা ও মন্ত্রীদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই কর্মকর্তার বিমানবন্দরের মতো নিরাপত্তা-সংবেদনশীল স্থানে পদায়ন নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও প্রশাসনের ভেতরে-বাইরে তীব্র আলোচনা-সমালোচনা ও উদ্বেগ উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে।

প্রিন্সের ছাত্র রাজনীতির বৃত্তান্ত: অনুসন্ধানে জানা গেছে, ময়মনসিংহের গফরগাঁওয়ের সন্তান মাহবুবুল ইসলাম প্রিন্স ছাত্রজীবন থেকেই আওয়ামী রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। ২০১৩ সালের ২৪ সেপ্টেম্বর ঘোষিত কমিটিতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১৬ সালের ২২ ফেব্রুয়ারি ঘোষিত সাইফুর রহমান সোহাগ ও এস এম জাকির হোসাইনের নেতৃত্বাধীন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে তিনি সাধারণ সম্পাদক জাকির হোসাইনের ‘ডান হাত’ হিসেবে পরিচিত ছিলেন। ওই কমিটিতে কেন্দ্রীয় কমিটির উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের পদ বাগিয়ে নেন তিনি। অভিযোগ রয়েছে, ২০১৩ সালে হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং ২০১৬ সালে কেন্দ্রীয় উপ-আন্তর্জাতিক সম্পাদকের পদের রাজনৈতিক প্রভাব খাটিয়ে ২০১৭ সালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে চাকরি বাগিয়ে নেন মাহবুবুল ইসলাম প্রিন্স।

কেবল ছাত্রলীগই নয়, বিগত আওয়ামী শাসনামলে তিনি ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’-এর কেন্দ্রীয় কমিটিতেও একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন। ২০১৯ সালে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক এবং ২০২২ সালে কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হন তিনি।
ছাত্র রাজনীতির প্রভাব খাটিয়ে ঢাকাএভ এর নেতা: মাহাবুবুল আলম প্রিন্স ছাত্র রাজনীতির প্রভাব খাটিয়ে নিয়েছেন একর পর এক গুরুদ্বপূর্ণ পোস্টিং। এছাড়া সরকারি চাকরিতে প্রবেশের পর তৎকালীন সরকার সমর্থিত কাস্টমস অফিসার্স অ্যাসোসিয়েশনের (ঢাকাএভ) ২০২০-২০২১ মেয়াদের নির্বাহী পরিষদে যুগ্ম-সাধারণ সম্পাদক এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের পদে থেকে প্রশাসনের ভেতরে নিজের শক্তিশালী প্রভাব বলয় তৈরি করেন এই কর্মকর্তা। বিনিময়ে কাস্টমস্ প্রশাসনে পোস্টিং পদোন্নতির বিষয়ে হস্তক্ষেপ করাসহ বাগিয়ে নিয়েছেন বিভিন্ন ধরণের সুযোগ-সুবিধা।

বিতর্কিত কর্মকান্ডে ভরপুর মাহাবুবুল আলম প্রিন্সের ছাত্রজীবন : মাহবুবুল ইসলাম প্রিন্সের বিতর্কিত কর্মকান্ডের ইতিহাসও বেশ দীর্ঘ বলে জানা গেছে। ২০১৫ সালের নভেম্বরে সালাউদ্দিন কাদের চৌধুরীকে তৎকালীন আ’লীগ সরকার ফাঁসি দেওয়ার পর চট্টগ্রামের রাউজানে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পরবর্তীতে ২০১৮ সালের ২১ সেপ্টেম্বর বিকেলে সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরের নামফলকে নামের আগে ‘শহীদ’ শব্দটি লেখা থাকায় তৎকালীন ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর নেতৃত্বে নেতাকর্মীরা সেটি ভাঙচুর করে। গোলাম রাব্বানী নিজেই সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন্ যেখানে দেখা যায় কবর ভাঙচুরের ওই ঘটনায় গোলাম রাব্বানীর ঠিক পাশেই থেকে নেতৃত্ব দিচ্ছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপ-আন্তর্জাতিক সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতা মাহবুবুল ইসলাম প্রিন্স।
সংশ্লিষ্ট তথ্যমতে, বিগত শাসনামলে তিনি পলাতক সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক, শাজাহান খান, নিজ এলাকা ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের পলাতক সাবেক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল এবং আ’লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের অত্যন্ত আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন। সেই রাজনৈতিক ক্ষমতা আর ছাত্রলীগের পরিচয়কে হাতিয়ার হিসাবে ব্যবহার করে কাস্টমস্ সার্ভিসে একের পর এক লোভনীয় পোস্টিং বাগিয়ে নেন সহকারী রাজস্ব কর্মকর্তা মাহবুবুল ইসলাম প্রিন্স।

আ’লীগের ডিসেম্বর আন্দোলনে গোপণে অর্থায়ন: নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআরের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, বর্তমানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পলাতক শীর্ষ নেতা সাইফুর রহমান সোহাগ, এস এম জাকির হোসাইন, গোলাম রাব্বানী এবং পলাতক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের সাথে মাহবুবুল ইসলাম প্রিন্সের নিয়মিত গোপণ যোগাযোগ রয়েছে। অভিযোগ উঠেছে, বিমানবন্দরের এয়ার ফ্রেইটের মতো জনগুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করে তিনি বিপুল অর্থ উপার্জন করে আসছেন। সেই অর্থ গোপণে পলাতক ছাত্রলীগ ও আ’লীগ নেতাদের কাছে পাচার করে দেশের চলমান গুপ্ত হামলা ও অস্থিতিশীলতা উসকে দেয়ার কাজে ব্যবহৃত হচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা পতিত সরকারের এই দোসররা বর্তমান বিএনপি সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তার জন্যও বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন প্রশাসনের সংশ্লিষ্ট একচি মহলা।
এনবিআরের অভ্যন্তরীণ সূত্রগুলোর দাবি, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত কাস্টমস হাউস, ঢাকার বর্তমান কমিশনার মুহম্মদ রইচ উদ্দিন খানের সরাসরি পৃষ্ঠপোষকতা ও বিশেষ আশীর্বাদে মাহবুবুল ইসলাম প্রিন্স এই গুরুত্বপূর্ণ চেয়ারটি দখল করে আছেন। কমিশনার মুহম্মদ রইচ উদ্দিন খানের ছত্রছায়ায় থাকার কারণে তার বিরুদ্ধে দপ্তরের কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না বলেও অভিযোগ উঠেছে।
বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য বাঙালি সংবাদের এই প্রদিবেদক ঢাকা কাস্টমস্ হাউজ কমিশনার রইচ উদ্দিন ও অভিযুক্তের মতামত নেওয়ার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। (ক্রমশ:)