নিজস্ব প্রতিবেদক:
শারীরিক অসুস্থতা ও চিকিৎসার কারণে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক। তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র গ্রহণ করে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনটি শূন্য ঘোষণা করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের বৈঠকে স্পিকার এ ঘোষণা দেন। তিনি জানান, ওসমান ফারুকের পদত্যাগপত্র ১৫ নভেম্বর পেয়েছেন। পদত্যাগপত্রটি বিধিসম্মত হওয়ায় তা গ্রহণ করা হয়েছে।
সংসদে স্পিকার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনি এলাকা ১৬৪, কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক ১৪ নভেম্বর থেকে কার্যকর করার সিদ্ধান্ত নিয়ে তার কাছে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠিয়েছেন। ১৫ নভেম্বর তিনি সেটি গ্রহণ করেন।
স্পিকার জানান, সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী পদত্যাগপত্র পাওয়ার সময় থেকেই সংশ্লিষ্ট সংসদ সদস্যের আসন শূন্য হয়। সে অনুযায়ী ১৫ নভেম্বর পূর্বাহ্ণ থেকে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়েছে। জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৭৮ বিধির ৩ উপবিধি অনুযায়ী বিষয়টি সংসদকে অবহিত করা হয়েছে।
সংসদ সচিবালয় ও পারিবারিক সূত্রের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ওসমান ফারুক। সেখানে তার চিকিৎসা চলছে। শারীরিক অসুস্থতার পাশাপাশি পারিবারিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই তিনি সংসদ সদস্যের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তার স্ত্রীও গুরুতর অসুস্থ বলে জানা গেছে।
সম্প্রতি অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনেও ভোট দিতে পারেননি তিনি। সে সময় যুক্তরাষ্ট্রে অবস্থানের কারণে ভোট দিতে পারবেন না জানিয়ে সংসদ সচিবালয়ে চিঠি দিয়েছিলেন।
দুইবার সংসদ সদস্য, ছিলেন শিক্ষামন্ত্রী
ড. মুহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান। ১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় ও কর্নেল ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।
২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ওসমান ফারুক। বিএনপি সরকারের আমলে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।
দীর্ঘ আট বছর যুক্তরাষ্ট্রে থাকার পর ২০২৪ সালের অক্টোবরে দেশে ফিরে আবার সক্রিয় রাজনীতিতে যুক্ত হন। পরে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হন।
নির্বাচনে তিনি ১ লাখ ১২ হাজার ৪৬৬ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী জেহাদ খান পান ১ লাখ ২ হাজার ৪৭৬ ভোট।
উপনির্বাচনের সম্ভাবনা
সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ৪ দফা অনুযায়ী, সংসদের কোনো আসন শূন্য হলে সাধারণভাবে পরবর্তী ৯০ দিনের মধ্যে সেখানে উপনির্বাচন আয়োজনের বিধান রয়েছে। ওসমান ফারুকের পদত্যাগের ফলে কিশোরগঞ্জ-৩ আসনেও উপনির্বাচনের প্রক্রিয়া শুরু হওয়ার সুযোগ তৈরি হয়েছে।