গাজীপুর মহানগরের সদর মেট্রো থানা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত নৌবিহারে হামলার ঘটনা ঘটেছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরের দিকে পূর্বাচল এলাকায় একদল দুর্বৃত্ত এ হামলা চালায়। এতে সংগঠনটির অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে বহু সদস্য হাসপাতালে চিকিৎসাধীন এবং সদর মেট্রো থানা ছাত্রশিবিরের সম্পাদক ফয়সাল আহমেদ আশঙ্কাজনক অবস্থায় লাইফ সাপোর্টে রয়েছেন।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীরা জানান, সোমবার সকালে গাজীপুর মহানগরের ৩০ নম্বর ওয়ার্ড এলাকা থেকে প্রায় ৮০ জন নেতাকর্মী নিয়ে নৌবিহারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে সদর মেট্রো থানা ছাত্রশিবির। দুপুরের দিকে পূর্বাচল এলাকার একটি কলাবাগান সংলগ্ন মসজিদে তারা বিরতি নিয়ে দুপুরের খাবার খাচ্ছিলেন। এ সময় স্থানীয় কয়েকজন তাদের বাধা দেন। এর প্রায় ১০ মিনিট পর আনুমানিক ৩০০ জনের একটি সুসংগঠিত দল এসে ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলার পর আহতদের দ্রুত উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে অনেকে ফিরে গেলেও অন্তত ৩০ জন সেখানে ভর্তি হয়ে চিকিৎসা নেন। পরবর্তীতে গুরুতর আহতদের কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়।
হামলায় সদর মেট্রো থানা ছাত্রশিবিরের সভাপতি মেহরাব হোসেন গুরুতর আহত হন। তাকে ধারালো অস্ত্রের আঘাতসহ রাজধানীর কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদিকে সম্পাদক ফয়সাল আহমেদ আশঙ্কাজনক অবস্থায় ঢাকার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। এ ছাড়া সংগঠনের আরও বহু নেতাকর্মী গাজীপুর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।