ঢাকা | বঙ্গাব্দ

আজিমপুর আবাসন প্রকল্পে ২ শতাধিক কোটি টাকা লুট!

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 13, 2026 ইং
আজিমপুর আবাসন প্রকল্পে ২ শতাধিক কোটি টাকা লুট! ছবির ক্যাপশন: নাটেরগুরু গণপূর্ত প্রকৌশলী ইলিয়াস পদোন্নতিসহ বহালতবিয়তে!
ad728
যশোরী ও আসাদ মাহমুদ:
 ঢাকার আজিমপুরে সরকারি কর্মকর্তাদের জন্য আবাসন প্রকল্পে বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে ব্যয় বাড়িয়ে ২ শতাধিক কোটি টাকা লোপাট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজিমপুর গণপূর্ত বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী ইলিয়াস আহমেদের নেতৃত্বে এই প্রকল্পে শুধুমাত্র কন্টিনজেন্সি খাতে অর্ধ শতাধিক কোটি টাকা লোপাটের তথ্য প্রমাণাদি পাওয়া গেছে। অভিযুক্ত ওই প্রকৌশলী বর্তমানে আড়ালে থাকার উদ্দেশে ঢাকা ছেড়ে সিলেট গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে কর্মরত আছেন। তিনি বর্তমান গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুরকে আত্মীয় হিসাবে পরিচয় দিয়ে গিরগিটির ন্যায় রং বদলে ভোল পাল্টে জাতীয়তাবাদের জিকির তুলে নব্য বিএনপি সাজার আপ্রান চেষ্টা করে যাচ্ছেন। তথ্য সংশ্লিস্ট নির্ভরযোগ্য সূত্রের।  
অনুসন্ধানে জানা যায়, প্রকল্পটির শুরুতেই বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে সাবেক নির্বাহী প্রকৌশলী ইলিয়াস আহমেদের বিরুদ্ধে। প্রকল্পের কাজের টেন্ডার হওয়ার পর বিভিন্ন অনিয়মের কারণে তখন একটি মামলা হয়। তারপরও সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে অর্ধযুগেরও অধিক সময়ে এই ডিভিশনের দায়িত্বে থেকে নির্বাহী প্রকৌশলী ইলিয়াস নিজস্ব বলয়ের লুটপাটের সিন্ডিকেট তৈরি করে সরকারি অর্থ লোপাটসহ নানা অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়েন। ঠিকাদারের কাছ থেকে ১০-১২ শতাংশ ঘুষ নেওয়ারও অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে।
জানা গেছে, ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও ঘুষ-বাণিজ্য করায় প্রকল্প শুরুর বছরখানেক পরই ইলিয়াস আহমেদের বিরুদ্ধে একটি ঠিকাদার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীরা গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ করেন। তবে গণপূর্তের সাবেক মন্ত্রী শরীফ আহমেদের সঙ্গে নিবিড় সখ্যের সুবাদে শাস্তির বদলে তিনি পদোন্নতি পেয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হন বলে জানান সংশ্লিষ্টরা। ২০২৪ এর আগস্টে আ’লীগের সরকার পতনের পর নিজের ইচ্ছায় টাকা-পয়সা খরচ করে তিনি বদলি হন সিলেটে। শিক্ষার্থীদের আন্দোলন দমানোর জন্য আ’লীগের নেতা ও দলীয় ঠিকাদারকে অর্থের জোগানের অভিযোগে হত্যা মামলার আসামি করা হয়েছে তাকে। হত্যা মামলা মাথায় নিয়েই অফিস করে যাচ্ছেন এই প্রকৌশলী।
আজিমপুর বহুতল আবাসিক ভবন নির্মাণ প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এ প্রকল্পের শুরুতেই আইনের তোয়াক্কা না করে ইচ্ছামতো ডিপিপিতে ব্যয় ধরা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে সংশোধিত ডিপিপিতে ব্যয় স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিনগুণ বাড়ানো হয়েছে অসৎ উদ্দেশ্যে। এছাড়া কোথায় কী পরিমাণ কোন কোম্পানির কোন উপকরণ ব্যবহার করা হবে, তা ইচ্ছে করেই ঠিকমতো উল্লেখ করা হয়নি। একই সঙ্গে কিছু ক্ষেত্রে কাজের পরিধি কামানো হলেও অর্থ সমন্বয় করা হয়নি বলে অভিযোগ উঠেছে।
১ম পর্যায়ের ভবনগুলো নির্মাণের এই প্রকৌশলী ব্যাপক অনিয়ম দুর্নীতির কারণে প্রকল্পে বিভিন্ন ধরণের অসামাঞ্জাস্য ফুটে উঠেছে। প্রকল্পের ইটিপি, অভ্যন্তরীণ আরসিিিস সড়ক, ইন্টারনাল ইলেকট্রিক কাজ, সাবষ্টেশন ও জেনারেটর বিল্ডীং সার্ভিস এড়িয়ায় বাউন্ডারী ওয়াল খেলার মাঠ, টেনিসকোর্ট, ব্যাডমিন্টন কোটর্, পুকুর ও জলাধার নির্মাণেও ব্যাপক অনিয়ম দুর্নীতির আশ্রয় নিয়েছেন প্রকৌশলী ইলিয়াস আহমেদ। এই প্রকৌশলী ফেব্রুয়ারি ২০১৮তে ডিভিশনটির দায়িত্বে এসে ১ম পর্যায়ের কাজে অনিয়মের পাশাপাশি ২য় পর্যায়ে প্রোজেক্ট প্রোফাইল তৈরী থেকে শুরু করে আরডিপিপি’র বিভিন্ন পর্যায়ের সংশোধনের কাজে জড়িত থেকে ২০২৩ সালের শেষ পর্যন্ত ডিভিশনটিতে দায়িত্বে থেকে লুটপাটের নীলনকশা প্রনয়নসহ হরিলুটের পুরোপরি বাস্তবায়ন করেন। ওই বছর নভেম্বরে তার প্রমোশন হলেও ইচ্ছেকৃতভাবে আরো বেশি করে লুটপাটের উদ্ধেশে চার্জ হস্তান্তর করেন আরো তিন মাস পরে। ওই সময়ে পেছনের তারিখ দিয়ে অসংখ্য ফাইল কাগজপত্র স্বাক্ষর করে বিভিন্ন ধরণের অনিয়ম ঢাকার চেষ্টা করেন বদমাশ এই প্রকৌশলী। তার সাড়ে ৬ বছরের দায়িত্ব পালনের সময়ে প্রকল্পে অসংখ্য অযোগ্য ঠিকাদারকে কাজ দিয়ে নিজেই বেনামী ঠিকাদারী ব্যবসা করে হাতিয়ে নিয়েছেন ২ শতাধিক কোটি টাকা। এ সময়ে মুস্তাফিজ ট্রেড ইন্টারন্যশনাল নামক একটি প্রতিষ্ঠানকে প্রকল্পে অসংখ্য কাজ দেয়ার পাশাপাশি একই প্রতিষ্ঠানকে দিয়ে এপিপির অসংখ্য কাজ করিয়েও বরাদ্দের বড় অংশ নির্বাহী প্রকৌশলী নিজেই লোপাট করেছেন বলে সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র জানায়। একইভাবে স্যুয়ারেজ ট্রিটমেন্টের কাজগুলো ইকবাল ট্রেডিং করপোরেশন নামক একটিমাত্র প্রতিষ্ঠানকে দিয়ে করানোর কারণে প্ল্যান্টে বিভিন্ন ধরণের  ভৌত ও যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছে। একইভাবে পদ্মা এসোসিয়েট, নুরানী কনস্ট্রাকশন, বঙ্গ বিল্ডার্স, জননী এন্টারপ্রাইজ, তনিমা এন্টারপ্রাইজ, আব্দুল্লাহ এন্টারপ্রাইজ নামেও প্রকল্পের বিভিন্ন কাজ পাাইয়ে দিয়ে মোটা অংকের পার্সেন্টেজ বাগিয় নিয়েছেন এই প্রকৌশলী। 
অপরদিকে ডিভিশনটিতে থাকতে হিসাব শাখার একজন মহিলা কর্মচারীকে নিয়েও তার বিরুদ্ধে রসালো গুঞ্জন চাউর হয়ে উঠেছে ঠিকাদারদের মধ্যে। 
প্রকৌশলী ইলিয়াস চাকরিজীবনের প্রায় পুরো সময় ঘুরেফিরে ঢাকাতেই কাটিয়েছেন। আ’লীগ ক্ষমতায় বসার সাথে সাথে আ’লীগ নেতা মৃনাল কান্তিকে ম্যানেজ করে এসডিই হিসেবে সবচেয়ে আকর্ষণীয় চেয়ার রমনা গণপূর্ত বিভাগ-১ এ পোষ্টিং বাগিয়ে নেন তিনি। সেখানে প্রায় ৪ বছর দায়িত্ব পালনের সুবাদে বেনামী ঠিকাদারী ব্যবসাসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে কয়েক কোটি টাকা লোপাট করেন তিনি। এমনকি নিজের ভাইসহ বিভিন্ন আত্মীয়-স্বজনের নামে ১৬টি ঠিকাদারী প্রতিষ্ঠান খুলে বেনামে ব্যবসায় নেমে পড়েন তিনি। লুটপাটের টাকা বিনিয়োগ করে সাবেক প্রধান প্রকৌশলী কবির আহমেদকে ম্যানেজ করে প্রমোশনসহ পোষ্টিং বাগিয়ে নেন মহাখালী গণপূর্ত বিভাগে। সেখান থেকে বদলী হন গণভবন ও প্রধান মন্ত্রীর কার্যালয়ের দায়িত্বে থাকা গণপূর্ত বিভাগ-২ এ। বেপরোয়া অনিয়মের কারণে পরবর্তী প্রধান প্রকৌশলী তাকে বদলী করেন নড়াইলে। মাত্র ১বছরের মাথায় তিনি পুনরায় ফিরে আসেন ২নং বিভাগে। কিন্তু দুর্নীতি আর লুটপাটের ব্যাপক অভিযোগের মুখে এসএসএফ প্রধানের আপত্তির কারণে সেখানে না থেকে প্রধান প্রকৌশলী রফিককে ম্যানেজ করে সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী স ম রেজাউল করিমের সুপারিশে বদলী হন আজিমপুরে। একটানা সাড়ে ৬বছর সেখানে দায়িত্ব পালনের সুবাদে গণপূর্তে সবচেয়ে বড় প্রকল্প বাস্তবায়নের সুবাদে হাতিয়ে নেন ২ শতাধিক কোটি টাকা। মাঝখানে পদোন্নতির সুযোগ আসলেও শুধুমাত্র অবৈধ টাকার নেশায় তিনি পদোন্নতি নেন বিলম্বিত করে। আ’লীগের শেষ টার্মে পূর্ত প্রতিমন্ত্রী শরিফকে ম্যানেজ করে তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে পদোন্নতি নিয়ে ১নং সার্কেলে বসে পড়েন ধূর্ত এই প্রকৌশলী। ম্যানেজ মাস্টার হিসেবে পরিচিত এই প্রকৌশলী ৬মাস যেতে না যেতেই ছাত্রজনতার আন্দোলনে আ’লীগের বিদায়ের পরে পূর্ত প্রশাসন তাকে সিলেটে বদলী করতে বাধ্য হয়। এছাড়াও তার বিরুদ্ধে রয়েছে অসংখ্য কেলেংকারির অভিযোগ।  
অপরদিকে আজিমপুর আবাসন প্রকল্পের সংশোধিত ডিপিপিতে দেখা গেছে, গভীর নলকূপ জলাধার ও গাছ লাগানোর জন্য প্রায় ১৭ কোটি, সীমানা প্রাচীর ও অরনামেন্টাল গেট নির্মাণে ৯ কোটি ৮৪ লাখ, মাটি পরীক্ষা ও ডিজিটাল সার্ভে ৫৫ লাখ, আরসিসি রাস্তা, পার্কিং, ফুটপাত ওয়াকওয়ে ও আরসিসি ডাস্টবিন নির্মাণে ২২ কোটি ৯০ লাখ টাকা ধরা হয়েছে। এই ব্যয় স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, কৌশলে অতিরিক্ত দাম ধরে সরকারি অর্থ লোপাট করা হয়েছে এবং হচ্ছে। ডিপিপি অনুযায়ী, প্রথমে ৬৫ হাজার ৪৪৫ ঘণমিটার ভূমি উন্নয়ন জন্য ৪ কোটি ১৫ লাখ টাকা ব্যয় ধরা হলেও সংশোধন করে বাড়তি ৪৮৩৫ ঘণমিটারের জন্য ব্যয় ধরা হয়েছে ১ কোটি টাকা। সংশোধন করার আগে প্রতি ঘণমিটার মাটি উন্নয়নের জন্য ৬৩৫ টাকা ব্যয় ধরা হয়। সংশোধনের পরে ১ হাজার ৪১৫ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা করা হয়। ৪ হাজার মিটার সীমানা প্রাচীর ও অরনামেন্টাল গেটের জন্য ৯ কোটি ৪৭ লাখ টাকা ধরা হলেও সংশোধনের পরে ৩৭ লাখ টাকা ব্যয় বাড়ানো হয়। এতে প্রতি মিটারে ৯২৫ টাকা বৃদ্ধি করে মিটারপ্রতি খরচ ধরা হয়েছে ২৪ হাজার ৬০০ টাকা। ১৫ হাজার বর্গমিটার জলাশয় উন্নয়ন ও আধুনিকীকরণের নামে ব্যয় ধরা হয়েছে ৬ কোটি টাকা। প্রতি বর্গমিটার জলাশয় উন্নয়ন আধুনিকীকরণে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার টাকা। এখাতেও আয়তন (বর্গমিটার) বাড়িয়ে ধরা হয়েছে লুটপাটের উদ্দেশ্যে। ভূগর্ভস্থ জলাধার (অগ্নিনির্বাপক) ৬ লাখ ৫০ হাজার গ্যালনের খরচ ধরা হয়েছে ৫ কোটি ৯৮ লাখ টাকা। ডিপিপি সংশোধন করে প্রায় ২ কোটি টাকা বৃদ্ধি করে ৭ কোটি ৬ লাখ টাকা করা হয়েছে। প্রতি গ্যালনের দাম ধরা হয়েছে ১০৮ টাকা। ভবনগুলোর বেসমেন্টে, গ্রাউন্ড ফ্লোরে এবং সার্ফেস কার পার্কিং পর্যাপ্ত না হওয়ায় ১টি ১২তলা বিশিষ্ট মেকানিক্যাল কার পার্কিং করার কথা বলা হয়েছে। মেকানিক্যাল কার পার্কিংয়ে ২৮৮টি গাড়ি রাখার কথা উল্লেখ করা হলেও করা হয়েছে ২৪০টি। এতে প্রায় ১১ কোটি টাকা কম খরচ হলেও ওই টাকা উদ্বৃত্ত বা সমন্বয় দেখানো হয়নি। এই বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।
ডিপিপি তথ্যে দেখা গেছে, ১৮শ’ বর্গফুটের ২২৮টি ফ্ল্যাটের জন্য ২০তলার ৩টি ভবন নির্মাণের ব্যয় ধরা হয়েছে ৩০৮ কোটি ৩১ হাজার টাকা। ১৫শ বর্গফুটের ৬০৮টি ফ্ল্যাটের জন্য ২০তলায় ৮টি ভবন নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৭২০ কোটি ৭১ লাখ টাকা। ১২৫০ ফুটের ৩০৪টি ফ্ল্যাটের ৪টি ভবন নির্মাণ ব্যয় হয়েছে ৩২৬ কোটি ৫২ লাখ টাকা। ইউটিলিটি ভবনগুলো নির্মাণ (মাল্টিপারপাস ভবন, ৫টি ক্লাব হাউস, ২টি গণপূর্ত সার্ভিস মেইনটেন্যান্স ভবন, কার পার্কিং ভবন) নির্মাণের জন্য মূল ডিপিপিতে ব্যয় ধরা হয়েছিল ১০৬ কোটি ৯০ লাখ টাকা। পরবর্তী সময়ে সংশোধনে ২২ কোটি বৃদ্ধি করে ব্যয় ধরা হয়েছে ১২৮ কোটি ৮৮ লাখ টাকা। মাটি পরীক্ষা ও ডিজিটাল সার্ভে ৫৫ লাখ টাকা। ভূগর্ভস্থ জলাধার (অগ্নিনির্বাপক) ৭ কোটি ৬ লাখ, গভীর নলকূপ (ডিস্ট্রিবিউশন লাইনসহ) ৪টি ৬ কোটি টাকা, আরবরিকালচার ও প্লেগ্রাউন্ড উন্নয়ন ৪ কোটি, মসজিদসহ ধর্মীয় স্থান উন্নয়ন ও উপাসনালয় নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৯৫ লাখ টাকা। এছাড়া ডেসকো-ডিপিডিসির চার্জ ৮ কোটি ৫০ লাখ, ওয়াসা সংযোগ চার্জ ২ কোটি ৬০ লাখ, আধুনিক ভবন তৈরির অভিজ্ঞতা অর্জনে বিদেশ ভ্রমণ খরচ ১ কোটি টাকা, সাব-স্টেশন যন্ত্রপাতি এইচটি ক্যাবল, ফ্লোর ডিস্ট্রিবিউশন বোর্ড রিং মেইন ইউনিটসহ (১২৫০/১০০০ কেভি) ১৭টি ৫৩ কোটি, ডিজেল জেনারেটর (১৭টি) ১৫০/১০০ কেভি ফুয়েলসহ ৬ কোটি ৯৪ লাখ, লিফট ৬১ কোটি ৫১ লাখ, পাম্প মোটর সেট ৫ কোটি ২৫ লাখ টাকা ধরা হয়েছে।
মূল ডিপিপিতে থেকে সংশোধন করে প্রায় ১ কোটি টাকা বাড়িয়ে অগ্নিনির্বাপক ব্যবস্থা ও ফায়ার রেটেড ডোর ২৭ কোটি ৩৪ লাখ টাকা করা হয়েছে। একইভাবে সৌরবিদ্যুতে ব্যয় প্রায় ১ কোটি বাড়িয়ে (৫৪০ কি.ওয়াট) ৭ কোটি ৭৫ লাখ ধরা হয়েছে। কম্পাউন্ড এবং গেইট লাইট, লাইটিং এরেস্টর, লাইটিং কন্ডাক্টর ও পানির হিটারে ব্যয় ৮ কোটি ৬১ লাখ টাকা ধরা হয়েছে। ৮ কোটি বাড়িয়ে বেসমেন্টে কৃত্রিম ভেন্টিলেশন সিস্টেম ও এয়ারকুলার ব্যয় ধরা হয়েছে ১৮ কোটি ৯৫ লাখ টাকা। সিসিটিভির ব্যয় প্রায় ২ কোটি টাকা বাড়িয়ে ৬ কোটি ২০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। তবে এসব জিনিস কোনো জায়গায় কী পরিমাণ ব্যবহার করা হবে, তা নির্দিষ্ট করে উল্লেখ নেই। এছাড়া পিএবিএক্স সিস্টেম, টেলিফোন নেটওয়ার্ক/ইন্টারকম, মসজিদ, মন্দির ডকুমেন্টারি ডিভাইসসহ ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ কোটি ২৫ লাখ, পাজেরো জিপ ১টি ৯৫ লাখ, ২টি ডাবল কেবিন পিকআপ ৫৫ লাখ, ১টি প্রাইভেটকার ৩০ লাখ, ২টি মোটরসাইকেল ৪ লাখ, মোট ২ কোটি ৩৯ লাখ। গাড়ির নিবন্ধন ১৫ লাখ, জ্বালানি খরচ ১৫ লাখ। এছাড়া ফিজিক্যাল ও প্রাইস কনটিনজেন্সি ৪ শতাংশ। এখাতে কাগজ-কলম ও মনোহারি দ্রব্যাদি সরবরাহ দেখিয়ে প্রায় অর্ধশত কোটি টাকা লোপাট করেছেন প্রকৌশলী ইলিয়াসসহ ঊর্দ্ধতন কর্মকর্তারা।                                                                                                                                                                                      অনুসন্ধানে জানা যায়, ৩৩.৬৮ একর জমিতে ২ হাজার কোটি টাকা ব্যয়ে বহুতল আবাসিক ভবন নির্মাণের (জোন-এ) কাজ শুরু হয় ২০১৯ সালে। ২০২১ সালে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও উদ্দেশ্যপ্রনোদিত সময়ক্ষেপনের কারণে এরই মধ্যে দুইদফা মেয়াদ বাড়িয়েও শেষ করা যায়নি কাজ। নতুন করে আরও এক বছর সময় বাড়ানোর পাশাপাশি সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পর্যালোচনা করে খোড়া অজুহাতে ৮কোটি টাকা ব্যয় বাড়ানোরও প্রস্তুতি চলছে। কাজের জন্য ঠিকাদারদের নিয়মিত অর্থ ছাড় দেওয়া হলেও কয়েকটি ঠিকাদার প্রতিষ্ঠান ঠিকমতো কাজ করছে না বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে অন্যতম ওয়াহিদ কনস্ট্রাকশন। জানা গেছে, বর্ধিত সময়সীমা অনুযায়ী ২০২৪ এর ডিসেম্বরে কাজ শেষ করার কথা থাকলেও ওই সময়ে মাত্র ৬৫শতাংশ কাজ শেষ করতে পেরেছে ঠিকাদার প্রতিষ্ঠানটি।
জানা গেছে, প্রকল্পের জন্য মূল বরাদ্দের প্রায় ৯০শতাংশ অর্থ ব্যয় করা হলেও ২০২৪ এর ডিসেম্বরে কাগজে-কলমে কাজের সার্বিক অগ্রগতি ছিলো মাত্র ৮০ শতাংশ। যদিও সে সময়ে প্রকৌশলীরা বলছেন, সার্বিকভাবে ৭০ ভাগ কাজ শেষ হয়েছে। তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থবছরে অর্থছাড় দেওয়া হয়েছে ২০৬ কোটি ১৬ লাখ টাকা। ১৫টি বহুতল ভবনের মধ্যে ৪টি মূল ভবন, মসজিদ, ইউটিলিটি ভবন, ক্লাব ও মাঠ তৈরি, কার পার্কিং ও নলকূপ বসানোর কাজসহ বিভিন্ন কাজ তখনো চলমান।
সরেজমিন দেখা গেছে, আজিমপুর সরকারি কলোনির ১৫টি বহুতল ভবনের মধ্যে ৪টি মূল ভবন, মসজিদ নির্মাণ, ইউটিলিটি ভবন, ক্লাব ও মাঠ তৈরি, কার পার্কিং ও নলকূপ বসানোর কাজসহ নানাবিধি কাজ এখনো চলছে। কোনোটা শেষের দিকে আবার কোনোটা শুরু হয়েছে। নতুন করে একটি পুকুর খনন করা হলেও বাকি দুটার মধ্যে একটি চারদিকে সীমানা প্রাচীরের কাজ চলছে। কোনটির প্রাচীর করা হয়েছে, তাও ভেঙে গেছে। এছাড়া পুকুরের বিভিন্ন ময়লা আবর্জনার স্তপ জমে আছে। গাছের জন্য মোটা অঙ্কের টাকা বরাদ্দ রাখা হলে এখন পর্যন্ত গাছ লাগানো হয়নি। এ ছাড়া আরসিসি রাস্তা, পার্কিং, ফুটপাত ওয়াকওয়ে তৈরি করা হলেও কোথাও কোথাও ভেঙে গেছে। সবচেয়ে অদ্ভুত কথা হচ্ছে, দীর্ঘ বছর ধরে থাকা একটি পুকুরের বড় একটি অংশ ভরাট করা হয়েছে। তবে নতুন করে জলাধার নির্মাণেও বিপুল অর্থ ব্যয় করছে সংস্থাটি। 
বিষয়গুলো নিয়ে কথা বলা জন্য প্রকৌশলী ইলিয়াসের মোবাইলে একাধিকবার কল করা হলেও কোন রেসপন্স পাওয়া যায়নি।(ক্রমশঃ) 



শেয়ার করুন:
কমেন্ট বক্স
তারেক রহমানকে নিয়ে কন্যা জাইমার পোস্ট, মুহূর্তেই ভাইরাল

তারেক রহমানকে নিয়ে কন্যা জাইমার পোস্ট, মুহূর্তেই ভাইরাল