ঢাকা | বঙ্গাব্দ

রাশিয়ার ২০ অঞ্চলে ইউক্রেনের হামলা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 15, 2026 ইং
রাশিয়ার ২০ অঞ্চলে ইউক্রেনের হামলা ছবির ক্যাপশন: রাশিয়ার ২০ অঞ্চলে ইউক্রেনের হামলা। ছবি: সংগৃহীত
ad728
আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার একাধিক অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। এসব হামলায় শিশুসহ ৫৫ বছর বয়সী এক নারী আহত হওয়ার খবর পাওয়া গেছে। একই সঙ্গে রাশিয়া দাবি করছে, ২০টি অঞ্চলে মোট ৫৯৮টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। 

শনিবার (১৫ আগস্ট) এক প্রতিবেদনে এসব খবর জানিয়েছে রাশিয়ান সংবাদ সংস্থা আরটি।  প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার সামারা অঞ্চলে একটি শিল্প স্থাপনায় আঘাত হানে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র। অঞ্চলটিতে ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। সামাজিক মাধ্যম ম্যাক্স-এ করা এক পোস্টে অঞ্চলটির গভর্নর ভ্যাচেস্লাভ ফেদোরিশচেভ জানান, বর্তমানে অঞ্চলটিতে জরুরি পরিষেবা মোতায়েন করা হয়েছে।

আরেক অঞ্চল রোস্তভের গভর্নর ইউরি স্লাসার জানান, ইউক্রেনীয় ড্রোন ওই এলাকার বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্থ করেছে। এতে প্রায় এক হাজার বাসিন্দা বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। এ ছাড়া, রাতে রাশিয়ান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় এক ডজন ড্রোন ও তিনটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে বলেও দাবি করেন তিনি। 

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন ম্যাক্স-এ লিখেছেন, রাতে মস্কোর দিকে ধেয়ে আসা অন্তত ১৬টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এ ছাড়া, মস্কোর গভর্নর ভ্যাচেস্লাভ ভোরোবিয়েব টেলিগ্রামে লিখেছেন, শাতুরা শহরে একটি ড্রোন ব্যক্তিগত বাড়িতে আঘাত করলে ৯ বছর বয়সী এক শিশু এবং ৫৫ বছর বয়সী এক নারী আহত হন। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের ২০টি অঞ্চলে মোট ৫৯৮টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। একই সঙ্গে, বেসামরিক অবকাঠামো এবং আবাসিক এলাকায় ড্রোন হামলাকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছে মস্কো। এর জবাবে তারা ইউক্রেনের সামরিক স্থাপনা এবং রসদ সরবরাহের অবকাঠামোর ওপর হামলা জোরদারের ঘোষণা দিয়েছে।

এর আগে শুক্রবার (১৪ আগস্ট) মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত সপ্তাহে কিয়েভে ১৪টি হামলা চালানো হয়েছে। হামলায় তাদের ড্রোন উৎপাদন কেন্দ্র, অস্ত্র ও রসদ সরবরাহ কেন্দ্র, জ্বালানি এবং পরিবহন অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। একই সঙ্গে সামরিক বিমানঘাঁটি ও বন্দরগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।




শেয়ার করুন:
কমেন্ট বক্স