ভারতের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা বেড়েই চলছে। সেপ্টেম্বরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা ভারতীয় দলের। তবে দুই দেশের সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনে সিরিজটি শেষ পর্যন্ত মাঠে গড়াবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। পরিস্থিতি সামলাতে এবার ভারত সরকারের দ্বারস্থ হতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)।
ভারত-বাংলাদেশের এই সিরিজটি মূলত হওয়ার কথা ছিল ২০২৫ সালের আগস্টে। দুই দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে সেটি এক বছর পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়।
এতদিন সিরিজটি আয়োজনের সম্ভাবনাই তৈরি হলেও গত ৫ আগস্ট দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের কয়েকজন সদস্য ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার পর দুই দেশের সম্পর্কের টানাপোড়েন নতুন মাত্রা যোগ হয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে সিরিজ আয়োজনের ক্ষেত্রে সরকারের সহযোগিতা চেয়েছে বলে খবর এসেছে।
এবার একই পথে হাঁটছে বিসিসিআইও। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, বাংলাদেশ সফর নিয়ে সরকারের অনুমতির অপেক্ষায় রয়েছে বিসিসিআই। বোর্ডের এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এ মুহূর্তে নিজেদের সিদ্ধান্তে সফর নিয়ে এগোনোর সুযোগ নেই তাদের।
বিসিসিআইয়ের ওই কর্মকর্তা বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। বাংলাদেশ সফরের ব্যাপারে অনুমতি পাওয়া এবং বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না। এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে শিগগিরই আমরা সরকারের সঙ্গে যোগাযোগ করব।’
বিসিবির সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকার কথাও জানিয়েছেন বিসিসিআইয়ের ওই কর্মকর্তা, ‘বিসিবি আমাদের চিঠি দিয়েছে এবং তারা আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। শিগগিরই বিষয়টি আরও পরিষ্কার হবে।’