নিজস্ব প্রতিবেদক:
গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. আবু নাসের চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাওয়ায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য নিজাম উদ্দিন দরবেশকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে ও অভিযুক্ত দুর্নীতিবাজ লুটেরা কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে ২৬ নভেম্বর ২০২৬ইং তারিখে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।
২৬ নভেম্বর বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সাধারণ সাংবাদিক সমাজ’-এর ব্যানারে মোহাম্মদ মাসুদের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে দুর্নীতির অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য জানতে চাওয়া হয়েছিল। কিন্তু বক্তব্য দেওয়ার পরিবর্তে সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।’
মানববন্ধনে বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ফখরুল ইসলাম ও রাজু আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সদস্য এইচ এম আল আমিন, ডিআরইউ দপ্তর সম্পাদক রাশেদ মোল্লা, নয়াদিগন্তের সিনিয়র সাংবাদিক মনিরুল ইসলাম রোহান, সাজাদ মতিন, স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, মঈনউদ্দীন স্বপন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং জাতীয় প্রেসক্লাবের সদস্য জিয়াউর রহমান, সোহেল রানা শুভ, এনামুল হক তুহিন, ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শফিক, সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলামসহ সাধারণ সাংবাদিক সমাজ ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
আরও পড়তে পারেন: মাফিয়া প্রকৌশলী আবু নাসেরের কবলে গণপূর্ত
বক্তারা বলেন, ‘গণপূর্ত অধিদপ্তরের এই তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে নৈতিক স্খলন, দুর্নীতি ও অসংখ্য অনিয়মের অভিযোগ রয়েছে।’ সাবেক আ’লীগ সরকারের প্রভাবশালী বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির আত্মীয় পরিচয়ে বিগত বছরগুলোতে তিনি ‘ব্যাপক অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদ অর্জন করেছেন’ বলে অভিযোগ করেন তারা। ‘বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের নেতা পরিচয়ে তিনি ফ্যাসিবাদের বড় দোসর ছিলেন’ বলেও দাবি করেন বক্তারা।
তারা বলেন, ‘সাংবাদিকদের কাজ দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের তথ্য তুলে ধরা। সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া সাংবাদিকতার নীতিমালা ও পেশাগত দায়িত্বের অংশ। এ দায়িত্ব পালনের কারণে কোনো সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া হলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
আরও পড়তে পারেন: প্রকৌশলী আবু নাসেরের কবলে গণপূর্ত অধিদপ্তর
বক্তারা অবিলম্বে হুমকির ঘটনায় তদন্ত, সাংবাদিক নিজাম উদ্দিন দরবেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযোগের মুখে থাকা গণপূর্ত কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি পালন করবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
প্রসঙ্গত: উত্তরাধিকার সূত্রে দুর্নীতিবাজ গণপূর্ত প্রকৌশলী আবু নাসেরের বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা বিধিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে একটি বেসরকারি বিশ^বিদ্যালয়ে লেকচার দেওয়া, পশ্চিম নাখালপাড়ায় বিলাশবহুল এপার্টমেন্ট, দুই পুত্র সন্তান আরমান ও আদনান ও স্ত্রী ইয়াসমিন পলির নামে বিভিন্ন বেসরকারি ব্যাংকে বিরাট অংকের ব্যাংক ব্যালেন্স, সিঙ্গাপুরে রেস্টুরেন্টসহ বিভিন্ন ব্যবসাসহ নামে-বেনামে প্রায় ৫০ কোটি টাকার সহায়-সম্পদের পাহাড় গড়ে তোলাসহ বিভিন্ন ধরণের অনিয়ম দুর্নীতির তথ্য ও প্রমাণাদি পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই সাপেক্ষে দেশ ও জনস্বার্থে ‘বাঙালি সংবাদ” এর অনলাইন ভার্সনসহ পরবর্তী সংখ্যাগুলোতে অনুসন্ধানী প্রতিবেদন আকারে প্রকাশিত হতে থাকবে।