ঢাকা | বঙ্গাব্দ

৩য় এলএনজি টার্মিনালে প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের আয়োজন!

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 28, 2026 ইং
৩য় এলএনজি টার্মিনালে প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের আয়োজন! ছবির ক্যাপশন: ৩য় এলএনজি টার্মিনালে প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের আয়োজন!
ad728
নিজস্ব প্রতিবেদক: 
দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় তৃতীয় ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল বা ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) স্থাপনের উদ্যোগ ঘিরে বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছে। গ্যাসের ঘাটতি নিরসনের অজুহাতে এই প্রকল্পে প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়াই চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন (সিএনইই) কোম্পানিকে কাজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১২ নভেম্বর ২০২৬ অনুষ্ঠিত সভায় সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। আর একে ঘিরে উঠেছেই নানা প্রশ্ন।
বিশেষ করে বিদ্যমান দুটি টার্মিনালের তুলনায় অনেক বেশি দৈনিক চার্জ, তুলনামূলক কম দামের বিকল্প প্রস্তাব উপেক্ষা, কোম্পানিটির পূর্ব অভিজ্ঞতার ঘাটতি, সরকার-টু-সরকার (জিটুজি) পদ্ধতির যৌক্তিকতা এবং একটি মার্কিন প্রতিষ্ঠানের প্রস্তাবের সঙ্গে চীনা কোম্পানির প্রস্তাবের প্রায় হুবহু মিল- সব মিলিয়ে প্রকল্পটির স্বচ্ছতা ও আর্থিক যৌক্তিকতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
সরকারি মূল্যায়নের বরাতে প্রকাশিত তথ্য অনুযায়ী, সিএনইইর প্রস্তাবে দৈনিক ৩ লাখ ৪২ হাজার মার্কিন ডলার পরিশোধের কথা বলা হয়েছে। দেশের বিদ্যমান এক্সিলারেট এনার্জি ও সামিট এলএনজি টার্মিনালের দৈনিক কার্যকর চার্জ যথাক্রমে প্রায় ২ লাখ ৫৪ হাজার ও ২ লাখ ৪৯ হাজার ডলার। কিন্তু এক্সিলারেট ও সামিটের ব্যয়সহ অন্যান্য শর্তের তুলনামূলক বিচারে দেখা যাচ্ছে, এই চীনা কোম্পানির সঙ্গে চুক্তিতে সরকার বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।
এছাড়া, সৌদি আরবের আরামকোসহ কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান আরও কম দামে টার্মিনাল স্থাপনের প্রস্তাব দিয়েছিল। চীনের আরেক প্রতিষ্ঠান চায়না মার্চেন্টস ইন্ডাস্ট্রি (সিএমআই) ও ইউ লিয়েন ডকইয়ার্ডসের যৌথ প্রস্তাবেও তুলনামূলক কম খরচে বেশি ধারণক্ষমতা ও গ্যাস সরবরাহের সক্ষমতার কথা বলা হয়েছে।
এতসব বিকল্প থাকা সত্ত্বেও সিএনইইর উচ্চমূল্যের প্রস্তাব এগিয়ে নেওয়া এবং শেষ পর্যন্ত ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন পাওয়ায় প্রশ্ন উঠেছে- দেশের স্বার্থ, নাকি বিশেষ কোনো মহলের স্বার্থকে প্রাধান্য দিয়ে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত? অভিযোগ ও প্রকাশিত তথ্যের মধ্যে উঠে এসেছে সংসদ সদস্য, অর্থমন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুশফিকুর রহমানের নাতি তারিফ রহমানের প্রতিষ্ঠান এনএস এনার্জি নেভিগেশনের প্রস্তাবের সঙ্গে সিএনইইর প্রস্তাবের অস্বাভাবিক মিলের বিষয়টিও। যদিও সংশ্লিষ্ট ব্যক্তিরা স্বার্থের সংঘাত বা অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন, তবু প্রস্তাবের নথি, মূল্য নির্ধারণ, কারিগরি যোগ্যতা এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
অনুমোদিত ক্রয় প্রস্তাব অনুযায়ী, তৃতীয় এফএসআরইউ স্থাপনের জন্য সিএনইই দৈনিক ৩ লাখ ৪২ হাজার ডলার চার্জ দাবি করেছে। ১৫ বছরের চুক্তিতে এই অর্থ পরিশোধ করতে হবে। বিভিন্ন পর্যায়ে আপত্তি ওঠার পরও ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সিএনইইর প্রস্তাব অনুমোদন করেছে। এর আগে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে একই প্রস্তাব বেশি চার্জের কারণে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি থেকে ফেরত পাঠানো হয়েছিল। পরে একই প্রস্তাব ও সারসংক্ষেপ আবারও মন্ত্রিসভায় উত্থাপন করা হয়। বৈঠকে একজন জ্যেষ্ঠ মন্ত্রী প্রশ্ন তোলেন, এত ভালো ভালো কোম্পানির প্রস্তাব থাকতে সরকার কেন অনেক বেশি দামের প্রস্তাব গ্রহণ করবে। এতে দেশের আর্থিক ক্ষতি হতে পারে বলেও তিনি উদ্বেগ প্রকাশ করেন। ওই আপত্তির পর মন্ত্রিসভার কয়েকজন সদস্য ‘প্রসিড’ বলে এগিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নেন। ফলে প্রস্তাবটি নিয়ে আরও আলোচনা করার সুযোগ সংকুচিত হয়ে পড়ে। পরবর্তী সময়ে মন্ত্রিপরিষদ সচিব অন্য এজেন্ডায় চলে যান।
এমনকি এর আগে সরকারের নিজস্ব মূল্যায়ন এবং সংশ্রিষ্ট প্রতিবেদনগুলোতেও সিএনইইর প্রস্তাবের আর্থিক প্রভাব নিয়ে উদ্বেগের কথা উঠে এসেছে। অর্থ মন্ত্রণালয়ের হিসাবের বরাতে প্রকাশিত তথ্যে বলা হয়েছে, ২০১৬ সালের মডেলের একটি জাহাজকে এফএসআরইউতে রূপান্তর করে ১৫ বছর ব্যবহার করলে সরকারের ব্যয় হতে পারে ১ দশমিক ৮৭২ বিলিয়ন ডলার বা প্রায় ২৩ হাজার ৩১ কোটি টাকা। ২০ বছর ব্যবহার করলে ব্যয় দাঁড়াতে পারে প্রায় ২৯ হাজার ৫৪০ কোটি টাকা।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৫ বছরে সামিটের বিদ্যমান এফএসআরইউর জন্য ব্যয় হবে প্রায় ১৬ হাজার ৬৯৮ কোটি ৩২ লাখ টাকা। সে হিসাবে সিএনইইর প্রস্তাবের কারণে একই মেয়াদে অতিরিক্ত প্রায় ৬ হাজার ৩০০ কোটি টাকা ব্যয়ের আশঙ্কা রয়েছে।
এখানেই শেষ নয়। প্রকল্পের চুক্তির মেয়াদ শেষে টার্মিনাল বা জাহাজের মালিকানা বাংলাদেশের কাছে থাকবে কি না, সেটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রকাশিত তথ্য অনুযায়ী, সামিট ও এক্সিলারেট এনার্জির ক্ষেত্রে চুক্তি শেষে টার্মিনাল হস্তান্তরের ব্যবস্থা থাকলেও সিএনইইর প্রস্তাব অনুযায়ী ১৫ বা ২০ বছরের মেয়াদ শেষে প্রতিষ্ঠানটি জাহাজটি নিজ দেশে ফিরিয়ে নিয়ে যেতে পারবে। অর্থাৎ দীর্ঘ সময় ধরে বিপুল অর্থ ব্যয় করার পরও বাংলাদেশ টার্মিনালটির মালিকানা পাবে না- এমন আশঙ্কা তৈরি হয়েছে।
সংসদীয় কমিটির সভাপতির নাতির প্রতিষ্ঠানের প্রস্তাবের সঙ্গে চীনা কোম্পানির নথির মিল: তৃতীয় এলএনজি টার্মিনাল স্থাপন নিয়ে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক এনএস এনার্জি নেভিগেশন এবং চীনা কোম্পানি সিএনইইর প্রস্তাবের মধ্যে অস্বাভাবিক মিলের বিষয়টি। প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে, ২০২৬ সালের ১২ মে এনএস এনার্জি নেভিগেশন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে তৃতীয় এফএসআরইউ স্থাপনের জন্য একটি স্বতঃপ্রণোদিত প্রস্তাব জমা দেয়। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা তারিফ রহমান। তিনি ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য এবং অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুশফিকুর রহমানের নাতি। তারিফের মা মেহভীন রহমান মুনিয়া। তাঁর বাবা আশফাক জামিল রহমান এনএস এনার্জির প্রকৃত মালিক বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।
এরপর ১৯ জুন চীনা প্রতিষ্ঠান সিএনইই একই প্রকল্পের জন্য প্রস্তাব জমা দেয়। দুটি প্রস্তাব তুলনামূলকভাবে পর্যালোচনা করে দেখা যায়, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য ও অস্বাভাবিক মিল রয়েছে। প্রকল্পের যৌক্তিকতা, কারিগরি বৈশিষ্ট্য, চুক্তির কাঠামো, বাস্তবায়নের সময়সূচি, প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের দায়িত্ব এবং সরকারের দায়িত্বসংক্রান্ত বিবরণে প্রায় একই ভাষা ও তথ্য ব্যবহার করা হয়েছে।
এমনকি সিএনইইর জমা দেওয়া প্রকল্পের মানচিত্রেও ‘প্রোপোজড এনএস এনার্জি এফএসআরইউ’ লেখা ছিল। অর্থাৎ চীনা কোম্পানির নামে জমা দেওয়া নথির মধ্যে আগের প্রস্তাবদাতা মার্কিন প্রতিষ্ঠানের নাম রয়ে যায়। ছয় পৃষ্ঠার একটি চিঠিতে কোম্পানির নাম ছাড়া অন্য শব্দ ও সংখ্যায় কোনো পরিবর্তন করা হয়নি।
এখানে স্বাভাবিকভাবেই কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে। এনএস এনার্জির প্রস্তবের তথ্য ও কারিগরি নথি সিএনইইর কাছে গেল কীভাবে? দুটি প্রতিষ্ঠানের প্রস্তাবের মধ্যে এতটা মিলের কারণ কী? এনএস এনার্জির প্রস্তাব বিবেচনায় না নিয়ে একই ধরনের প্রস্তাব দেওয়া চীনা কোম্পানিকে কাজ দেওয়ার সিদ্ধান্ত কেন নেওয়া হলো? সরকারি দপ্তরে জমা দেওয়া একটি প্রতিষ্ঠানের বাণিজ্যিক ও কারিগরি নথি অন্য একটি প্রতিষ্ঠানের হাতে পৌঁছানোর বিষয়টি কি যথাযথভাবে তদন্ত করা হয়েছে?
এনএস এনার্জির প্রধান নির্বাহী তারিফ রহমানের বক্তব্য অনুযায়ী, সরকারি দপ্তরে নথি জমা দেওয়ার পর সেগুলো কীভাবে ছড়িয়ে পড়ে, সে বিষয়ে তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। সরকারি সংস্থায় জমা দেওয়া নথি তৃতীয় পক্ষের কাছে কপি করে সরবরাহ করা হয়ে থাকতে পারে বলে তাঁদের ধারণা। তবে একই প্রকল্পের চাহিদা ও কারিগরি বিষয় অভিন্ন হওয়ায় কিছু মিল থাকা অস্বাভাবিক নয় বলেও তিনি মনে করেন, যদিও তার এ বক্তব্য মোটেই যুক্তিযুক্ত নয়।
অন্যদিকে, স্বার্থের সংঘাতের অভিযোগ প্রসঙ্গে তারিফ বলেছেন, তাঁর নানা এনএস এনার্জির সঙ্গে যুক্ত নন এবং তিনি নিজে ওই প্রতিষ্ঠানের একজন কর্মচারী। প্রকল্প মূল্যায়ন, বাছাই কিংবা অনুমোদনের ক্ষেত্রে তাঁর নানার প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা নেই বলেও তিনি দাবি করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে মুশফিকুর রহমানের এই এফএসআরইউ প্রকল্প মূল্যায়ন বা অনুমোদনের প্রক্রিয়ায় কোনো ভূমিকা নেই। প্রকল্পটি অনুমোদনের দায়িত্ব অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির, যার সদস্যও তিনি নন।
তবে বিষয়টি কেবল সংশ্লিষ্ট সংসদ সদস্য ব্যক্তিগতভাবে কিছু জানেন কি না, তার মধ্যে সীমাবদ্ধ নয়। অর্থ মন্ত্রণালয়ের জবাবদিহিতা নিশ্চিত করার দায়িত্বে থাকা সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পরিবারের সদস্যের সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের প্রস্তাব একই প্রকল্পে অন্য প্রতিষ্ঠানের নামে কীভাবে সামনে এল, এমন প্রশ্নের উত্তর তারিফ রহমানের বক্তব্যে পাওয়া যায়নি। বিশেষ করে একটি প্রস্তাব জমা দেওয়ার মাত্র ৩৮ দিনের ব্যবধানে হুবহু একই ধরনের প্রস্তাব অন্য একটি কোম্পানির নামে জমা পড়ার বিষয়টি মোটেই স্বাভাবিক নয়।
দরপত্র ছাড়াই জিটুজি পদ্ধতিতে অনুমোদনের প্রশ্ন
প্রকল্পটির আরেকটি বড় বিতর্ক হলো প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়াই সরকার-টু-সরকার বা জিটুজি পদ্ধতিতে সিএনইইকে কাজ দেওয়ার উদ্যোগ। এর আগে ২৮ জুলাই অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সিএনইইর প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন করে। জ্বালানি বিভাগের প্রস্তাব ছিল, প্রতিযোগিতামূলক দরপত্রের পরিবর্তে জিটুজি পদ্ধতিতে চীনা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটির সঙ্গে আলোচনা করে প্রকল্পটি এগিয়ে নেওয়া হবে।
কিন্তু এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখা দিয়েছে- চীন সরকারের সঙ্গে বাংলাদেশের জ্বালানি খাতে সহযোগিতাসংক্রান্ত কোনো স্বাক্ষরিত সমঝোতা স্মারক বা এমওইউ না থাকলে কোন ভিত্তিতে এই প্রকল্পকে জিটুজি পদ্ধতির আওতায় আনা হলো?
জ্বালানি বিভাগের ব্যাখ্যা অনুযায়ী, চীনের সঙ্গে জ্বালানি খাতে সহযোগিতাবিষয়ক একটি সংশোধিত এমওইউ স্বাক্ষরের জন্য ১৭ জুন পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। তবে সেই এমওইউ তখনো স্বাক্ষরিত হয়নি। এদিকে সিএনইই চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কি-না, সে বিষয়ে একটি প্রত্যয়নপত্র চীনের ঢাকাস্থ দূতাবাসের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। জ্বালানি বিভাগের যুক্তি, এই প্রত্যয়নপত্রের ভিত্তিতে জিটুজি পদ্ধতিতে প্রস্তাব অনুমোদনে সমস্যা নেই।
তবে প্রশ্ন হলো, কোনো প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ত হলেই কি তার সঙ্গে প্রতিযোগিতামূলক মূল্য যাচাই ছাড়াই চুক্তি করা যায়? জিটুজি পদ্ধতি গ্রহণের ক্ষেত্রে প্রকল্পের আর্থিক যৌক্তিকতা, কারিগরি সক্ষমতা এবং বিকল্প প্রস্তাব যাচাইয়ের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২৮ জুলাই চীনের দূতাবাস থেকে সংশ্লিষ্ট চিঠি পাওয়ার পর একই দিন সিএনইইকে মাতারবাড়ীতে টার্মিনাল স্থাপনের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার অনুমোদন চেয়ে মন্ত্রিসভা কমিটিতে সারসংক্ষেপ পাঠানো হয়। পরদিন ২৯ জুলাই অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে প্রস্তাবটি নিয়ে আলোচনা ও সমঝোতা চালিয়ে নেওয়ার অনুমোদনের কথা উল্লেখ করা হয়েছে অন্য একটি প্রতিবেদনে।
আরও গুরুতর তথ্য হলো, জ্বালানি বিভাগ এক পর্যায়ে জিটুজি পদ্ধতিতে তৃতীয় এফএসআরইউ স্থাপনের জন্য যুক্তরাষ্ট্র, চীন, সৌদি আরবসহ ১২টি দেশ ও কোম্পানির কাছে প্রস্তাব চেয়েছিল। কিন্তু সেই প্রক্রিয়া মাঝপথে বন্ধ হয়ে যায়। একটি পক্ষের চাপে প্রতিযোগিতামূলকভাবে প্রস্তাব আহ্বানের উদ্যোগ বাতিল করা হয়েছে।
যদি এমনটি ঘটে থাকে, তাহলে কেন প্রতিযোগিতামূলক প্রক্রিয়া বন্ধ করা হলো এবং কেন একটি নির্দিষ্ট কোম্পানির প্রস্তাবকে অগ্রাধিকার দেওয়া হলো, তার ব্যাখ্যা জরুরি। কারণ, দেশের বিপুল অর্থ ব্যয়ে দীর্ঘমেয়াদি জ্বালানি অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে স্বচ্ছ প্রতিযোগিতা ও আর্থিক সুবিধা যাচাই হওয়াটাই অপরিহার্য।
বিদ্যমান টার্মিনালের চেয়ে ৩৫ থেকে ৩৭ শতাংশ বেশি দৈনিক চার্জ
সিএনইইর সঙ্গে চুক্তির আরেকটি বড় দুর্বলতা হিসেবে সামনে এসেছে এর দৈনিক চার্জ। বর্তমানে বাংলাদেশ দুটি এফএসআরইউ ব্যবহার করছে। একটি যুক্তরাষ্ট্রভিত্তিক এক্সিলারেট এনার্জির এবং অন্যটি সামিট এলএনজি টার্মিনালের। সিএনইইর দৈনিক চার্জ সামিটের তুলনায় প্রায় ৯০ হাজার ডলার এবং এক্সিলারেটের তুলনায় প্রায় ৮৮ হাজার ডলার বেশি। অন্যদিকে, রাষ্ট্রায়ত্ত রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি (আরপিজিসিএল) ২০২৫ সালের সম্ভাব্যতা সমীক্ষায় নতুন এফএসআরইউর জন্য দৈনিক প্রায় ২ লাখ ৩৯ হাজার ৬৫৩ ডলার ব্যয়ের সুপারিশ করেছিল। সিএনইইর প্রস্তাবিত দৈনিক ৩ লাখ ৪২ হাজার ডলার সেই বেঞ্চমার্কের তুলনায় প্রায় ৪৩ শতাংশ বেশি। এ ছাড়া অন্তর্র্বতী সরকারের মেয়াদে আরামকোর দেওয়া দৈনিক ১ লাখ ৯০ হাজার ডলারের প্রস্তাবের তুলনায় সিএনইইর প্রস্তাব প্রায় ৮০ শতাংশ বেশি।
এখানে শুধু দৈনিক চার্জের পার্থক্য নয়, ১৫ থেকে ২০ বছরের দীর্ঘমেয়াদি চুক্তিতে এর প্রভাব কতটা ব্যাপক হবে, সেটিও বিবেচনায় নেওয়া হয়নি। প্রতিদিনের অতিরিক্ত ব্যয় দীর্ঘ মেয়াদে হাজার হাজার কোটি টাকার আর্থিক দায় তৈরি করতে পারে। 
কম দামে প্রস্তাব দিয়েছিল আরামকোসহ একাধিক প্রতিষ্ঠান
২০২৫ সালের অক্টোবরের একটি সরকারি তুলনামূলক মূল্যায়নে আরামকো, ওমানের ওকিউ ট্রেডিং, আজারবাইজানের সোকার এবং চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) প্রস্তাব মূল্যায়ন করা হয়েছিল। সিএমসি সিএনইইর সহযোগী প্রতিষ্ঠান হিসেবে প্রতিবেদনে পরিচিত। এই চার প্রতিষ্ঠানের প্রত্যেকের দৈনিক চার্জ পরবর্তী সময়ে সিএনইইর সঙ্গে সমঝোতায় আসা ৩ লাখ ৪২ হাজার ডলারের তুলনায় কম ছিল। আরামকো ট্রেডিং সিঙ্গাপুর দৈনিক ১ লাখ ৯০ হাজার ডলার, সিএমসি ২ লাখ ২৫ হাজার ডলার, সোকার ২ লাখ ৮৮ হাজার ডলার এবং ওকিউ ট্রেডিং ২ লাখ ৯৬ হাজার ডলার প্রস্তাব করেছিল।
আরামকোর প্রস্তাবে ১৫ বছরের চুক্তির আওতায় ১ লাখ ৭৩ হাজার ৬১১ ঘনমিটার এলএনজি ধারণক্ষমতা, দৈনিক ৭৫০ মিলিয়ন ঘনফুট রিগ্যাসিফিকেশন সক্ষমতা এবং সর্বোচ্চ ৯৫০ মিলিয়ন ঘনফুট সক্ষমতার এফএসআরইউ স্থাপনের কথা ছিল। এর নির্মাণকাল ধরা হয়েছিল ১২ থেকে ১৮ মাস। অন্যদিকে, সিএনইইর প্রস্তাববে প্রায় ১ লাখ ৭৪ হাজার ঘনমিটার ধারণক্ষমতা, দৈনিক ৬০০ মিলিয়ন ঘনফুট বেস রিগ্যাসিফিকেশন সক্ষমতা এবং সর্বোচ্চ ৭৫০ মিলিয়ন ঘনফুট সক্ষমতার কথা বলা হয়েছে। অর্থাৎ ধারণক্ষমতা প্রায় কাছাকাছি হলেও রিগ্যাসিফিকেশনের সক্ষমতার ক্ষেত্রে আরামকোর  প্রস্তাব তুলনামূলক বেশি ছিল। অথচ দৈনিক চার্জের ক্ষেত্রে সিএনইইর দাবি অনেক বেশি।
আরপিজিসিএলের সম্ভাব্যতা সমীক্ষায়ও পরিচালন ও বন্দর সেবা ফিসহ নতুন এফএসআরইউর সম্মিলিত দৈনিক ব্যয় ২ লাখ ৪০ হাজার ডলারের সামান্য কম হতে পারে বলে হিসাব করা হয়েছিল। এই ব্যয় বিদ্যমান দুটি এফএসআরইউর কার্যকর ব্যয় এবং সামিট গ্রুপের প্রস্তাবিত দ্বিতীয় এফএসআরইউর দৈনিক ৩ লাখ ডলারের চুক্তিমূল্যের চেয়েও কম ছিল।
অন্তর্র্বতী সরকারের সময় আরামকোর প্রস্তাব নীতিগত অনুমোদন পেলেও চূড়ান্ত করা হয়নি। তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছিলেন, অন্তর্র্বতী সরকারের মেয়াদ নিয়ে অনিশ্চয়তার কারণে তৃতীয় এফএসআরইউসহ কয়েকটি বড় বিনিয়োগ নিশ্চিত করা সম্ভব হয়নি। পরে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা তৈরি হয় বলে জ্বালানি বিভাগ থেকে দাবি করা হয়েছে। জ¦ালানি বিভাগের বক্তব্য অনুযায়ী, আরামকো দ্রুততম সময়ে এফএসআরইউ সরবরাহের নিশ্চয়তা দিতে পারেনি। এ কারণে বর্তমান সরকার সিএনইইর দিকে এগিয়েছে।
তবে ২০২৫ সালের অক্টোবরের মূল্যায়নে আরামকোর নির্মাণকাল ১২ থেকে ১৮ মাস উল্লেখ ছিল। ফলে শুধু দ্রুত সরবরাহের যুক্তিতে সিএনইইকে বেছে নেওয়ার যৌক্তিকতা মোটেই নেই। অর্থাৎ জ্বালানি বিভাগ নিজেদের অপকর্ম জায়েজ করার জন্য এক্ষেত্রে অসত্য বক্তব্য দিয়েছে।
চীনের আরেক প্রতিষ্ঠানের প্রস্তাবে এক বিলিয়ন ডলার সাশ্রয়ের সুযোগ
সিএনইইর প্রস্তাবের বিপরীতে চীনের আরেকটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না মার্চেন্টস ইন্ডাস্ট্রি (সিএমআই) এবং ইউ লিয়েন ডকইয়ার্ডস যৌথভাবে তুলনামূলক সাশ্রয়ী একটি প্রস্তাব জমা দেয়। ১১ আগস্ট প্রতিষ্ঠান দুটি জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে মাতারবাড়ীতে দুটি জাহাজের সমন্বয়ে একটি এফএসআরইউ স্থাপনের প্রস্তাব দেয়।
প্রস্তাব অনুযায়ী, দুটি জাহাজের সম্মিলিত এলএনজি ধারণক্ষমতা হবে প্রায় ২ লাখ ৮০ হাজার ঘনমিটার। স্বাভাবিক সময়ে দৈনিক ৭০০ মিলিয়ন ঘনফুট এবং প্রয়োজনে ৭৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের সক্ষমতা থাকবে। বিপরীতে সিএনইইর প্রস্তাবে ধারণক্ষমতা ১ লাখ ৭৪ হাজার ঘনমিটার এবং বেস রিগ্যাসিফিকেশন সক্ষমতা ৬০০ মিলিয়ন ঘনফুট।
সিএমআই দুটি বাণিজ্যিক বিকল্পের কথা জানিয়েছে। প্রথম বিকল্পে প্রায় ৩৫ কোটি ডলারে সরকার পুরো প্রকল্পটি কিনে নিতে পারবে। এর সঙ্গে বছরে ২ কোটি ৪০ লাখ ডলার পরিচালন ও রক্ষণাবেক্ষণ ব্যয় দিতে হবে। দ্বিতীয় বিকল্পে প্রতিদিন ১ লাখ ডলার ভাড়ায় দুটি জাহাজের টার্মিনাল ব্যবহার করা যাবে। এর সঙ্গে একইভাবে বছরে ২ কোটি ৪০ লাখ ডলার রক্ষণাবেক্ষণ ফি দিতে হবে। ১২ বছর পর টার্মিনালটি পেট্রোবাংলার কাছে হস্তান্তর করা হবে।
এদিকে সিএনইইর প্রস্তাবে ১৫ বছরে মোট ব্যয় হতে পারে প্রায় ১ দশমিক ৮৭ বিলিয়ন ডলার। বিপরীতে সিএমআইয়ের ক্রয় মডেলে সম্ভাব্য ব্যয় প্রায় ৮১১ মিলিয়ন ডলার এবং লিজ মডেলে প্রায় ৭৯৮ মিলিয়ন ডলার। মূল্যায়নে দেখা যায়, সিএমআইয়ের দুটি বিকল্পের যেকোনো একটি গ্রহণ করলে সরকারের অন্তত: ১ বিলিয়ন ডলার সাশ্রয় হতে পারে। আরও রক্ষণশীল হিসাবেও সিএমআইয়ের বিকল্পগুলোতে ১৫ বছরে প্রায় ৮৫ কোটি ৯০ লাখ থেকে ৮৭ কোটি ২০ লাখ ডলার কম ব্যয় হওয়ার সম্ভাবনা দেখানো হয়েছে।
এ ছাড়া সিএমআই প্রায় ৬১ শতাংশ বেশি এলএনজি ধারণক্ষমতা এবং দৈনিক ১০০ মিলিয়ন ঘনফুট বেশি ধারাবাহিক গ্যাস সরবরাহ সক্ষমতার প্রস্তাব দিয়েছে। তবে সিএমআইয়ের প্রস্তাবে বন্দর সেবা ফি অন্তর্ভুক্ত ছিল না। সিএনইইর দৈনিক ৩ লাখ ৪২ হাজার ডলারের মধ্যে ৩৭ হাজার ডলার বন্দর সেবা ফি হিসেবে ধরা হয়েছে। এ কারণে তুলনামূলক মূল্যায়নে সিএনইইর খরচ থেকে এই চার্জ বাদ দিয়েও হিসাব করা হয়েছিল। তারপরও সিএমআইয়ের প্রস্তাবে বিপুল পরিমাণ অর্থ সাশ্রয়ের সম্ভাবনা ছিল। 
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, সিএমআইয়ের এই ২১ পৃষ্ঠার প্রস্তাব কতটা বাস্তবসম্মত, তা যাচাই করতে জ্বালানি বিভাগ কোনো কমিটি গঠন করেনি বা কাউকে দায়িত্বও দেয়নি। অন্যদিকে সিএনইইর প্রস্তাব মূল্যায়ন ও চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়েছে দ্রুতগতিতে।
প্রশ্ন উঠেছে, যেখানে একই দেশের আরেকটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বেশি ধারণক্ষমতা, বেশি গ্যাস সরবরাহ সক্ষমতা এবং কম খরচের প্রস্তাব দিয়েছে, সেখানে সেটি যথাযথভাবে যাচাই না করে সিএনইইর উচ্চমূল্যের প্রস্তাবের দিকে কেন ঝুঁেেকলা সরকার?
সিএনইইর কারিগরি অভিজ্ঞতা নিয়ে বড় ধরনের প্রশ্ন
একটি আন্তর্জাতিক জ্বালানি অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও কারিগরি সক্ষমতা অত্যন্ত গুরুপূর্ণ। কিন্তু তৃতীয় এফএসআরইউ স্থাপনের দায়িত্ব পেতে যাওয়া সিএনইইর এ ধরনের টার্মিনাল নির্মাণ বা স্থাপনের পূর্ব অভিজ্ঞতা নিয়েও প্রশ্ন উঠেছে।
পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নানের নেতৃত্বে গঠিত সাত সদস্যের মূল্যায়ন কমিটি সিএনইইর সঙ্গে একাধিক বৈঠক করে। আগস্ট মাসে অন্তত চারটি বৈঠকে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে প্রস্তাবের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। কমিটিতে জ্বালানি বিভাগ, বুয়েটের শিক্ষক, আইন মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) প্রতিনিধিরা ছিলেন।
কমিটির এক সদস্যের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সিএনইইর এফএসআরইউ স্থাপনের কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। এমনকি দৈনিক ৩ লাখ ৪২ হাজার ডলারের চার্জকেও অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন কমিটির একজন সদস্য।
আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, সিএনইই তাদের কারিগরি যোগ্যতার পক্ষে সামিট টার্মিনাল-২ প্রকল্পে অভিজ্ঞতার দাবি করেছিল। কিন্তু সামিট এলএনজি টার্মিনাল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেই দাবি সরাসরি অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, প্রস্তাবিত সামিট টার্মিনাল-২ প্রকল্প কিংবা বিদ্যমান সামিট এফএসআরইউর সঙ্গে সিএনইইর কোনো চুক্তি নেই। অর্থাৎ, যে প্রকল্পের অভিজ্ঞতা দেখিয়ে সিএনইই নিজেদের যোগ্যতা প্রমাণের চেষ্টা করেছে, সংশ্লিষ্ট সামিট কর্তৃপক্ষই সেই অভিজ্ঞতার দাবি নাকচ করেছে সামিট।
এ অবস্থায় প্রশ্ন উঠেছে, পেট্রোবাংলার মূল্যায়ন কমিটি কী ধরনের কারিগরি যাচাই করেছে? অভিজ্ঞতার দাবি যাচাইয়ের ক্ষেত্রে সামিট কর্তৃপক্ষের বক্তব্য নেওয়া হয়েছিল কি-না? যদি নেওয়া হয়ে থাকে, তাহলে সেই বক্তব্য মূল্যায়ন প্রতিবেদনে কীভাবে প্রতিফলিত হয়েছে? আর যদি না নেওয়া হয়ে থাকে, তাহলে একটি দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল প্রকল্পের জন্য প্রতিষ্ঠানের অভিজ্ঞতা যাচাইয়ের প্রক্রিয়া কতটা কার্যকর ছিল?
১৮ মাসে টার্মিনাল সরবরাহের যুক্তি কতটা গ্রহণযোগ্য?
সিএনইইর প্রস্তাব গ্রহণের পক্ষে জ্বালানি বিভাগের অন্যতম যুক্তি হলো দ্রুত টার্মিনাল স্থাপন। জ্বালানি বিভাগের কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় নতুন করে দরপত্র আহ্বান করলে প্রাথমিক নির্বাচন ও আলোচনা শেষ করতে ছয় থেকে সাত মাস সময় লাগতে পারে। এরপর নির্মাণ ও স্থাপনে আরও ১৮ থেকে ২৪ মাস লাগার আশঙ্কা রয়েছে। অন্যদিকে, জিটুজি পদ্ধতিতে চূড়ান্ত চুক্তি দুই থেকে তিন মাসের মধ্যে করা সম্ভব বলে জ্বালানি বিভাগ মনে করে।
সিএনইই ১৮ মাসের মধ্যে টার্মিনাল সরবরাহের প্রস্তাব দিয়েছে। তবে ৩০ আগস্টের আলোচনা কমিটির প্রতিবেদনে দেখা যায়, এই ১৮ মাসের লক্ষ্যমাত্রা চূড়ান্ত নয়। চলতি সময় থেকে ১৮ মাস হিসাব করে ২০২৮ সালের এপ্রিল সম্ভাব্য চালুর সময় ধরা হলেও বর্ষার কারণে এফএসআরইউ সংযুক্তির কাজে বিলম্ব হলে ২০২৮ সালের নভেম্বর পর্যন্ত সময় দেওয়ার সুযোগ রাখা হয়েছে। অর্থাৎ বাস্তবে সময়সীমা ২৬ মাস পর্যন্ত গড়াতে পারে।
এ ছাড়া সিএনইইর সঙ্গে মূল্য নিয়ে আলোচনার সময় আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা, জাহাজ নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি, বিশ্বব্যাপী এফএসআরইউর চাহিদা বৃদ্ধি এবং ১৮ মাসের মধ্যে সরবরাহের বাধ্যবাধকতাকে মূল্য না কমানোর কারণ হিসেবে দেখানো হয়েছে।
কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, দ্রুত সরবরাহের সুবিধা পেতে গিয়ে হাজার হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয় করা কতটা যৌক্তিক? অন্যদিকে, আরামকোর প্রস্তাবিত নির্মাণকালও ছিল ১২ থেকে ১৮ মাস। ওকিউ ও সোকার ১৮ মাসের সময় দিয়েছিল এবং সিএমসি ৩০ মাসের প্রস্তাব করেছিল। ফলে বিকল্প প্রতিষ্ঠানগুলোর সময়সীমা ও আর্থিক প্রস্তাব পাশাপাশি রেখে পুনর্মূল্যায়ন করাটা অপরিহার্য ছিল, জাতীয় স্বার্থে অন্ততঃ।
সংসদীয় কমিটির সভাপতির নাতিই শুধু নয়, জ্বালানি মন্ত্রী-প্রতিমন্ত্রীও সরাসরি জড়িত
সংসদীয় কমিটির সভাপতি মুশফিকুর রহমানের নাতিই শুধু নয়, এধরনের ভয়াবহ অনিয়মের সঙ্গে আরও রাঘব বোয়ালরাও জড়িত রয়েছেন। এরমধ্যে অন্যতম হলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এবং প্রতিমন্ত্রী উভয়েই। অত্যন্ত দ্রুততার সঙ্গে বিতর্কিত এই দরপ্রস্তাব অনুমোদনের ক্ষেত্রে বিশেষ করে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের অতি আগ্রহ ছিল, বলছে সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রগুলো।
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের আগে অধিকাংশ সদস্যকেই এ এজেন্ডার বিষয়ে ব্রিফ করা ছিল। তাই এজেন্ডাটি নিয়ে কোনো কিছু আলোচনা হওয়ার আগেই ‘প্রসিড’ ‘প্রসিড’ শব্দ উচ্চারিত হয়েছে। যদিও ক্রয় কমিটির সদস্য, একজন সিনিয়র মন্ত্রী এ ব্যাপারে আপত্তি তুলেছেন, কিন্তু তার বক্তব্যকে আমলে নেওয়া হয়নি।



শেয়ার করুন:
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘জাতিসংঘের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা

‘জাতিসংঘের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা