ঢাকা | বঙ্গাব্দ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 22, 2026 ইং
প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক:  জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এবার বাসের ভাড়াও বাড়ানো হয়েছে। দূরপাল্লা ও মহানগর, দুই ধরনের বাসেই প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয়ে সংশ্লিষ্টদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী বাস ও মিনিবাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ৭০ পয়সা।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পরিবহন মালিকদের পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় ভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে প্রতি কিলোমিটারে ২০ পয়সা করে বাসভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছিল সড়ক পরিবহন মালিক সমিতি।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বনানী কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে মালিক সমিতির পক্ষ থেকে এ প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাব অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭৩ পয়সা করার কথা বলা হয়েছিল। তবে মঙ্গলবারের বৈঠকে শেষ পর্যন্ত ১৭ পয়সা করে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়।

এর আগে রবিবার রাতে সরকার চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয়। নতুন দরে প্রতি লিটার ডিজেলের দাম ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম রোববার মধ্যরাত থেকে কার্যকর হয়েছে।

জ্বালানি তেলের দাম বাড়ার পর পরিবহন ভাড়া সমন্বয়ের প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতিও। মঙ্গলবার সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী প্রচারিত এক জরুরি প্রেস বার্তায় দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ৮ পয়সা এবং সিটি সার্ভিসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়। একই সঙ্গে নৌপথে লঞ্চের ভাড়া প্রতি নটিক্যাল মাইলে ৫ পয়সা বাড়ানোর প্রস্তাবও দেওয়া হয়।

নতুন সিদ্ধান্ত কার্যকর হলে রাজধানীসহ মহানগর ও দূরপাল্লার বাসযাত্রীদের আগের তুলনায় বেশি ভাড়া গুনতে হবে। ঢাকা মহানগরের বিভিন্ন রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়াও প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়বে।

নতুন ভাড়া কার্যকর হওয়ার সময় এবং বিভিন্ন রুটে সর্বনিম্ন ভাড়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হবে। অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে গণপরিবহনে নজরদারি জোরদারের কথাও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।




শেয়ার করুন:
কমেন্ট বক্স
সামিটের এলএনজি সরবরাহ শুরু, গ্যাস সংকট কমার আশা

সামিটের এলএনজি সরবরাহ শুরু, গ্যাস সংকট কমার আশা