স্পোর্টস
চ্যাম্পিয়ন্স
লিগের প্লে-অফে বড়
ধরনের অঘটনের শিকার হলো গত আসরের
রানার্সআপ ইন্টার মিলান। গত বুধবার নরওয়ের
অখ্যাত ক্লাব বোদো/গ্লিম্টসের মাঠে
গিয়ে প্রথম লেগে ইতালিয়ান জায়ান্টরা
হেরে এলো ৩-১
গোলের ব্যবধানে। চ্যাম্পিয়ন্স লিগে এবারের আসরে
চমক জাগানো দল বোদো/গ্লিম্ট।
এর আগে তারা ঘরের
মাঠে ম্যানচেস্টার সিটিকে এবং অ্যাওয়ে ম্যাচে
অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে প্লে-অফে জায়গা
করে নেয়। আর্কটিক সার্কেলের
উত্তরে অবস্থিত এই ক্লাবটি চ্যাম্পিয়ন্স
লিগের ইতিহাসে সবচেয়ে উত্তরের দল। সব প্রতিযোগিতা
মিলিয়ে টানা সপ্তম জয়ের
লক্ষ্যে মাঠে নামা সিরি
আ’র শীর্ষ দল
ইন্টার ম্যাচের ২০তম মিনিটেই পিছিয়ে
পড়ে। সুন্দর ফিনিশে গোল করে বোদোর
মিডফিল্ডার সন্দ্রে ব্রুনস্তাদ ফেত দলকে এগিয়ে
দেন। ১০ মিনিট পর
স্ট্রাইকার পিও এসপোজিতোর সুযোগসন্ধানী
গোলে সমতায় ফেরে ইন্টার। তবে
দ্বিতীয়ার্ধে দ্রুত দুই গোল করে
ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে নেয় স্বাগতিকরা।
৬১তম মিনিটে ফরোয়ার্ড কাসপার হগের পাস থেকে
জেন্স পেটার হাউগে দুর্দান্ত শটে বল জালে
জড়ান। গোলের পর কর্নার ফ্ল্যাগে
লাথি মেরে উদযাপন করেন
সাবেক এসি মিলান উইঙ্গার।
এরমাত্র তিন মিনিট পর
আবারও গোল। এবার ওলে
দিদরিক ব্লমবার্গের পাস থেকে নিজেই
গোল করে দলের জয়
নিশ্চিত করেন হগ। ৮
হাজার দর্শক ধারণক্ষমতার আস্পমিরা স্টেডিয়ামে তখন উৎসবের আমেজ।
ম্যাচ শেষে হগ বলেন,
‘দলের হয়ে গোল করা
ও অ্যাসিস্ট করতে পেরে দারুণ
লাগছে। আমি একটি ভালো
দলের অংশ, সেটাই সবচেয়ে
আনন্দের।’ আগামী মঙ্গলবার হবে দ্বিতীয় লেগ।
গত তিন মৌসুমে দুইবার
ফাইনালে ওঠা ইন্টার মিলানকে
এখন পরের রাউন্ডে যেতে
হলে ঘরের মাঠে বড়
চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। ইন্টার
মিডফিল্ডার পেতার সুচিচ বলেন, ‘এটা আমাদের জন্য
খারাপ ফল ও খারাপ
রাত। তবে শান্ত থাকতে
হবে এবং বিশ্বাস রাখতে
হবে যে ঘরের মাঠে
আমরা জিততে পারব।’