ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার ডট কমে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে একটি বড় ধরনের ভুল ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে তারেক রহমানকে ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করার পাশাপাশি ভারতের রাষ্ট্রদূত হিসেবেও একই সাথে ‘তারেক রহমান’ ও ‘দীনেশ ত্রিবেদী’র নাম লেখা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দুপুর ২টায় আনন্দবাজার ডট কমের প্রকাশিত সংবাদের মূল শিরোনাম দেওয়া হয়, ‘ঢাকায় তারেকের সঙ্গে সাক্ষাৎ রাষ্ট্রদূত দীনেশের! হাসিনা-বিতর্ক কাটিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত-সফরের পথ কি খুলবে?’
সংবাদের শুরুতেই সাব-হেডলাইনে লেখা হয়, সোমবার দুপুরে বাংলাদেশের সচিবালয়ে তারেক এবং দীনেশের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়। জুন মাসে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হওয়ার পর এই প্রথম তারেকের সঙ্গে সাক্ষাৎ হল দীনেশের।

এরপর সংবাদের মূল অনুচ্ছেদে লেখা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করলেন সে দেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত তারেক রহমান। সোমবার দুপুর পৌনে ১২টা নাগাদ (ভারতীয় সময় অনুসারে) বাংলাদেশের সচিবালয়ে দু'জনের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়। জুন মাসে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হওয়ার পর এই প্রথম তারেকের সঙ্গে সাক্ষাৎ হল দীনেশের।
প্রতিবেদনে ব্যবহৃত ছবির নিচে ক্যাপশনে আবার লেখা হয়, ‘(বাঁ দিকে) বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সে দেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী (ডান দিকে)। সোমবার ঢাকায়। ছবি: সংগৃহীত।’
সংবাদে আরও উল্লেখ করা হয়, তারেকের কার্যালয় এবং বাংলাদেশে ভারতীয় দূতাবাসের তরফে এই সৌজন্য সাক্ষাতের ছবি প্রকাশ করা হয়েছে।
একই খবরের মধ্যে ভারতের রাষ্ট্রদূত হিসেবে একবার ‘তারেক রহমান’ এবং আরেকবার ‘দীনেশ ত্রিবেদী’র নাম উল্লেখ করা এবং বাংলাদেশকে সচিবালয় স্থান হিসেবে দেখিয়ে তারেক রহমানকে ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী’ হিসেবে আখ্যা দেওয়া নিয়ে স্যোসাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে।