জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। যোগদানের তারিখ থেকে আগামী দুই বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন। তবে প্রয়োজন হলে সরকার মেয়াদ শেষ হওয়ার আগেই এ নিয়োগ বাতিল করতে পারবে।
মঙ্গলবার (১৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১ এর ধারা ৮(১) ও ৮(২) অনুযায়ী আফরোজা আব্বাসকে সংস্থাটির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।
সরকারি আদেশ অনুযায়ী, যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর তিনি এ দায়িত্বে থাকবেন। তবে সরকারের ইচ্ছায় যেকোনো সময় এ নিয়োগ বাতিল করা যাবে। একইভাবে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে সরকারের কাছে আবেদন করে তিনি চাইলে দায়িত্ব ছেড়ে দিতে পারবেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে আফরোজা আব্বাসের এই নিয়োগ হবে অবৈতনিক।
আফরোজা আব্বাস দেশের অন্যতম রাজনৈতিক সংগঠন বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের স্ত্রী।
জাতীয় মহিলা সংস্থা দেশের নারীর ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে কাজ করে থাকে। নতুন চেয়ারম্যান হিসেবে আফরোজা আব্বাসের নিয়োগের মধ্য দিয়ে সংস্থাটির কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত হবে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে।